আলজেরিয়ায় আরব লিগ শীর্ষ সম্মেলন শুরু
<![CDATA[
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে শুরু হয়েছে আরব লিগ শীর্ষ সম্মেলন। করোনা মহামারির কারণে দুই বছর পর মঙ্গলবার (১ নভেম্বর) শুরু হয় দুই দিনব্যাপী সম্মেলন। এরই মধ্যে সম্মেলনে উপস্থিত হয়েছেন সংগঠনটির নেতারা। এবারের সম্মেলনে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও ফিলিস্তিন ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
১৯৪৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২২টি দেশের অংশগ্রহণে আরব লিগ প্রতিষ্ঠিত হয়। চলতি বছর এটি সংগঠনটির ৩১তম শীর্ষ সম্মেলন।
তবে আঞ্চলিক স্বার্থের সংঘাতের কারণে সৌদি আরব, বাহরাইন, মরক্কো ও সিরিয়ার মতো কয়েকটি সদস্যদেশ এতে যোগ দিচ্ছে না। অংশ নিচ্ছেন না সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ ও লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনও।
আরও পড়ুন: ইসরাইলের ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু?
২০১৯ সালের বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফ্লিকার ক্ষমতাচ্যুতির পর কয়েক বছর ধরেই আঞ্চলিক ইস্যুগুলো থেকে অনেকটা দূরে ছিল আলজেরিয়া।
তবে দেশটির রাজধানীতে আরব লিগের শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমে আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশটি নতুন করে কূটনৈতিক দৌড়ে শামিল হলো বলে মনে করা হচ্ছে।
যেমনটা বলছিলেন আলজেরিয়া সরকারের সাবেক এক মন্ত্রী ও রাষ্ট্রদূত। এ কূটনীতিক বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়, বিক্ষোভ আন্দোলন, করোনা মহামারি ও আর্থিক সংকটের কারণে কয়েক বছরের বিচ্ছিন্নতার পর আলজেরিয়া আবারও আন্তর্জাতিক ইস্যুতে ফিরে এসেছে।’
আরও পড়ুন: সৌদি আরবে প্রথমবার উদযাপিত হলো হ্যালোইন উৎসব
ফিলিস্তিনের শীর্ষ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মীমাংসা ও বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে গত মাসেই একটি শীর্ষ বৈঠকের আয়োজন করে আলজিয়ার্স। এ ছাড়া সম্প্রতি ফ্রান্স ও ইতালির নেতাদের স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তিবুন।
]]>




