এবার আর্শদীপকে ‘গাদ্দার’ বলে কটূক্তি ভারতীয় সমর্থকের
<![CDATA[
বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় দেখানো হয়েছিল হকি তারকা কবির খান পাকিস্তানের বিপক্ষে এক পেনাল্টি মিসেই কীভাবে সমর্থকদের চোখে বিশ্বাসঘাতকে পরিণত হয়েছিলেন। সিনেমার পর্দার সেই দৃশ্যই যেন বাস্তবে দেখছেন ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সহজ ক্যাচ ছাড়ার মাশুলই যেন দিতে হচ্ছে এই ২৩ বছর বয়সী বোলারকে।
এশিয়া কাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ভারত। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষেও হেরে গেছে ভারত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরেছে রোহিত শর্মার দল। আগে ব্যাট করে ভারতের দেয়া ১৭৪ রানের লক্ষ্য এদিনও এক বল হাতে রেখে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। এই হারে ফাইনালে ওঠার সম্ভাবনা একপ্রকার শেষ নীল জার্সিধারীদের।
টিম ইন্ডিয়ার এমন হতাশাজনক পারফরম্যান্সে চটেছে ভারতীয় সমর্থকরা। আর হারের জন্য তারা দুষছে দলের পেসার আর্শদীপকেই। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের হারের পর যেভাবে সমর্থকরা মোহাম্মদ শামিকে পাকিস্তানে চলে যেতে বলেছিল, একই বাস্তবতার মুখোমুখি এবার আর্শদীপ।
আরও পড়ুন:ক্যাচ ফেলার জেরে ‘খালিস্তানি’ হয়ে গেলেন ভারতীয় পেসার!
পাকিস্তানের বিপক্ষে আসিফ আলির ক্যাচ ছাড়লেও শেষ ওভারে বল করতে গিয়ে পাকিস্তানিদের দারুণ চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই বোলার। তারপরও হারের দায় তার কাঁধে চাপিয়ে রীতিমতো ধুয়ে দেয়া হয় তাকে। শ্রীলঙ্কার বিপক্ষেও শেষ ওভারে বল করতে এসে দলকে জয় এনে দিতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ফের আর্শদীপ ভারতীয় সমর্থকদের রেষের শিকার হয়েছেন। এদিন ভারতীয় দলের টিম বাসের সামনে তাকে ‘গাদ্দার’ বলে গালি দেন আরব আমিরাতে থাকা এক ভারতীয় নাগরিক।
আরও পড়ুন:আর্শদীপকে আক্রমণ ভারতীয় সমর্থকদের, পাশে দাঁড়ালেন পাকিস্তানি ক্রিকেটার
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টিম বাসের গেটে আর্শদীপকে লক্ষ্য করে ‘গাদ্দার’ বলে ডাক দেন ওই ভারতীয়। এমন আক্রমণে এই পেসার ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যান। এরপর তিনি টিম বাসে উঠে পড়েন। তবে পাশে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিক বিষয়টি স্বাভাবিকভাবে নেননি।
ওই ভারতীয় সাংবাদিক সেই সমর্থকের অমন মন্তব্যের কারণ জানতে চান। সে সময় সেখানে যোগ দেন আরও কয়েকজন সাংবাদিক। সবার উপর্যুপরি প্রশ্নবাণে চুপ হয়ে যান সেই সমর্থক। পরে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনী তাকে সেখান থেকে সরিয়ে দেয়।
]]>




