ফেনীতে ২৫ বোতল ফেনসিডিল বহনে এক যুবকের যাবজ্জীবন
ফেনী | তারিখঃ October 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 357 বার
আদালত প্রতিবেদক->>
ফেনীতে মাদকের মামলায় মো. ইসমাইল (৩৬) নামে আসামীর যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষনা করেছে আদালত। একই সাথে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।
মামলার এজাহার সূত্র জানায়, ২০১৪ সালের ১১ এপ্রিল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী সদর উপজেলার পুলিশ লাইনের সামনের সড়ক হয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় নিয়ে আসামী মো. ইসমাইল ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দূর্লভ চন্দ দাস তার অটোরিকশা তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার করেন।
এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দূর্লভ চন্দ্র দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ এপ্রিল আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। ২০১৫ সালের ৩০ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয়। মামলায় ৮ জন স্বাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
ফেনীর সিনিয়র সহকারী সরকারী কৌসুলী (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জনান,মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম মো. ইসমাইল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের আলী নেওয়াজের ছেলে। আদালতে রায় ঘোষনার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।




