শত বিঘার গাঁজা ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনী
<![CDATA[
পার্বত্য জেলা খাগড়াছড়ি মহালছড়ির ধইল্লাপাড়া এলাকায় প্রায় শত বিঘা জমিতে চাষ করা গাঁজার ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিজিতলা সাবজোনের অন্তর্গত ধইল্লাপাড়া এলাকায় টহল চলাকালীন ওই গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি সেনা জোন। এরপর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, গহীন অরণ্য ও দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে তুলনামূলক জনবসতি কম সে সকল জায়গা মাদক ব্যবসায়ীরা নিরাপদ এলাকা হিসেবে বেছে নেয়। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র ক্রয় ও তাদের বেতন ভাতাসহ অন্যান্য প্রশাসনিক কাজে মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়ে থাকে। ধইল্লাপাড়া এলাকাটি প্রত্যন্ত ও দুর্গম হওয়ায় এই এলাকায় জনসাধারণের চলাচল নেই বললেই চলে। গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়ার পরপরই মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টিম গাঁজা ক্ষেত ধ্বংস করে আনুমানিক ১২ থেকে ১৫ হাজার কেজি গাঁজা পুড়িয়ে দেয়।
আরও পড়ুন: গাঁজাসহ স্ত্রীকে রেখে পালালেন স্বামী
অভিযান সংশ্লিষ্টরা জানান, গাঁজা চাষের সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী দল ইউপিডিএফ (মূল) এর সহযোগিতায় ধইল্লাপাড়া, মাটিরাঙ্গার স্থানীয় কারবারি রবি চাকমা (৫৫) ধ্বংসকৃত এই গাঁজাক্ষেতের চাষ করে যাচ্ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে তিনি আগেই পালিয়ে যান।
]]>




