সিটির কাছে হেরে তৃতীয় রাউন্ডেই বিদায় চেলসির
<![CDATA[
ইংল্যান্ডের দ্বিতীয় সেরা ঘরোয়া টুর্নামেন্ট ইএফএল কাপে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই হারে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল পটারের দল। এদিকে প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা দল আর্সেনালও হেরে বিদায় নিয়েছে। ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে গানার্সরা।
ইংলিশ ফুটবল লিগ বা ইএফএল কাপে বুধবার (৯ নভেম্বর) রাতে বিদায় নিয়েছে দুই বড় দল। এক লেগের এই ম্যাচে সিটির কাছে হেরেছে চেলসি। প্রথম হাফে চেলসির দুর্গ ভেদ করতে না পারলেও, দ্বিতীয় হাফে রিয়াদ মাহরেজ ও জুলিয়ান আলভারেজের গোলে স্বস্তির জয় পায় সিটি।
আরও পড়ুন: রোনালদোকে নিয়েও হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড
যদিও পুরো ম্যাচে আরও অনেক গোল হজম করত চেলসি। তবে চেলসির গোলরক্ষক মেন্ডির দুর্দান্ত সব সেভে বড় হার থেকে বেঁচে যায় ব্লুজরা। তবে আক্রমণে চেলসিও পিছিয়ে ছিল না। শুধু ডি-বক্সে ঢুকেই খেই হারিয়ে ফেলছিল পুলিসিচ-জিয়েচরা। শেষ পর্যন্ত সিটির দ্বিতীয় হাফের সেই দুই গোলেই হার নিয়ে মাঠ ছাড়ে চেলসি। গত মৌসুমে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল চেলসি। তবে ফাইনালে লিভারপুলের কাছে হেরে যায় তারা।
এদিকে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরে গেছে আর্তেতার শিষ্যরা। প্রথম হাফে ১-১ গোলে ড্র থাকলেও দ্বিতীয় হাফে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে আর্সেনাল। শেষ পর্যন্ত ওই দুই গোল শোধ করতে পারেনি গানার্সরা। ফলে চলতি মৌসুমে চমক দেখানো ব্রাইটনের কাছে হেরে এবারের ইএফএল কাপের যাত্রা শেষ হয় আর্সেনালের।
আরও পড়ুন: সালাহর জোড়া গোলে ঘুরে দাঁড়াল লিভারপুল
এদিকে আর্সেনাল-চেলসি হারলেও জয় পেয়েছে ইএফএল কাপের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নির্ধারিত সময়ে ডার্বির সঙ্গে গোলশূন্য ড্র করে অলরেডসরা। তবে পরে পেনাল্টি শুটে ডার্বিকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠে যায় ক্লপের দল।
]]>




