হত্যার ৩০ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
<![CDATA[
চট্টগ্রামের বাঁশখালীতে ১৯৯৩ সালে চায়ের দোকানদার সাদ্দামকে পিটিয়ে জখম ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ অক্টোবর) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফিকুর রহমান মজুমদারের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেয়া হয়।
দণ্ডিতরা হলেন- দ্বীন মোহাম্মদ, নজরুল ইসলাম, কবির আহমদ, মোহাম্মদ আলী, দুলা মিয়া ও হারুনুর রশীদ।
আরও পড়ুন: চাচাকে হত্যা মামলায় ভাতিজার যাবজ্জীবন
অতিরিক্ত জেলা পিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, উপজেলার বড়ঘোনা বেড়িবাঁধের ওপর সাদ্দামের একটি চায়ের দোকান ছিল। পাশেই একই গ্রামের সাবের আহমদের দোকান। সাদ্দাম দোকান চালুর পর সাবেরের দোকানে বিক্রি কমে যায়। ফলে সাবের ও তার ছেলেরা কয়েকদফায় সাদ্দামকে সেখান থেকে দোকান সরিয়ে নিতে হুমকি দেয়। কিন্তু সাদ্দাম দোকান চালু রাখেন। ঘটনার দিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সাবের আহমদ ও তার ছেলেরা মিলে সাদ্দামের দোকানে হামলা করে। প্রাণ বাঁচাতে সাদ্দাম দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। হামলাকারীরা তার বাড়িতে গিয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকলে সাদ্দাম ঘরের ছাদে গিয়ে আশ্রয় নেয়। পরে হামলাকারীরা তাকে ছাদ থেকে লাথি মেরে নিচে ফেলে দেয় এবং ব্যাপক মারপিট করে। এ সময় সাদ্দামকে তার বাবা হাসপাতালে নিতে চাইলে সাবেরের লোকেরা বাধা দেয়। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাদ্দামের বাবা জানে আলম বাদী হয়ে ১২ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
]]>




