অঢেল অর্থ ঢালছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো
<![CDATA[
ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদলে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ফুরাবে খেলোয়াড় কেনাবেচার সময়সীমা।
এবারের শীতকালীন দলবদলে মূলত খেলোয়াড়দের কাতার বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করেছে ক্লাবগুলো। তবে ইউক্রেন বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও দেশটির উইঙ্গার মিখাইলো মুদরিক এখন পর্যন্ত নতুন বছরের সবচেয়ে দামি খেলোয়াড়। তরুণ উইঙ্গারকে শাখতার দোনেৎস্ক থেকে নিয়ে এসেছে চেলসি। তার দাম ৮০৬ কোটি ৮৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দামি নেদারল্যান্ডসের কোডি গাকপোকে নিয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল।
আরও পড়ুন: সবচেয়ে দামি ক্লাব ইউনাইটেড, আয়ের দিকে এগিয়ে সিটি
শুধু এ বছর নয়, গত বছরও খেলোয়াড় কেনার খরচে এগিয়ে ছিল ইংলিশ লিগের ক্লাবগুলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, ২০২২ সালে আন্তর্জাতিক দলবদলে অঢেল অর্থ ঢেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসির মতো পরাশক্তিরা। অঙ্কটা চোখ কপালে তোলার মতো–২৩ হাজার ৩৫০ কোটি টাকারও বেশি, যা অন্য যেকোনো দেশের ক্লাবগুলোর চেয়ে তিন গুণ বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ১২১ কোটি টাকা খরচ করেছে ইতালিয়ান ক্লাবগুলো।
২০২২ সালের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন অরেলিয়েঁ চুয়ামেনি। ফরাসি মিডফিল্ডারকে ৯২২ কোটি টাকায় এএস মোনাকো থেকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। শীর্ষ ১০ দামি খেলোয়াড়ের পেছনে ১২.৫ শতাংশ অর্থ ব্যয় করেছে ক্লাবগুলো, টাকার অঙ্কে যা ৬৮ হাজার ৭৭৬ কোটি ২০ লাখ টাকার বেশি।
আরও পড়ুন: রোনালদোর পেছনে কাড়ি কাড়ি অর্থ ঢেলেও ব্যর্থ আল নাসর!
সবচেয়ে দামি ১০ খেলোয়াড়ের ৬ জনকেই কিনেছে ইংলিশ ক্লাবগুলো। খেলোয়াড় কেনার খরচে সবাইকে ছাড়িয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ তালিকায় দুইয়ে আছে বার্সেলোনা। সবচেয়ে বেশি খরচ করা সাত ক্লাবের পাঁচটিই ইংল্যান্ডের। ইউনাইটেডের পর আছে লিভারপুল, নিউক্যাসল, ওয়েস্ট হাম ইউনাইটেড ও উলভারহাম্পটন।
]]>




