খেলা

অতিরিক্ত মিনিটের গোলে জয়বঞ্চিত ম্যানইউ

<![CDATA[

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। অতিরিক্ত সময়ের গোলে জয়বঞ্চিত হয়ে রেড ডেভিলরা হারিয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সুবর্ণ সুযোগ।

বুধবার (১৮ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের রাতের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ।

প্রিমিয়ার লিগ, ইএফএল ও এফএ কাপ মিলিয়ে শেষ সাত ম্যাচে টানা জয় তুলে নিয়েছে ম্যানইউ। সবশেষ ম্যাচে তারা হারিয়েছে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে। যাদের বিপক্ষে আগের দেখায় ৬ গোল হজম করেছিল তারা। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র করায় থেমেছে তাদের সে জয়রথ।

সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬তম মিনিটেই ক্রিস্টালের জালে প্রথম বল জড়ানোর সুযোগ পায় সফরকারীরা। তবে ডি-বক্সে লুক শর নেয়া শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ১৫ মিনিট পর অভিষিক্ত ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্টের হেড জালের ওপরে পড়ে। ৩৯ মিনিটে প্রথম কাঙ্ক্ষিত শট নেয় ক্রিস্টাল প্যালেস। তবে গোল বারে দাভিদ দে হেয়ার দৃঢ়তায় বেঁচে যায় ইউনাইটেড। বক্সের বাইরে থেকে প্যালেসের স্ট্রাইকার এদুয়ার্দের শট স্প্যানিশ গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।

আরও পড়ুন: মেসি-রোনালদোদের ম্যাচ বৃহস্পতিবার কোথায়, কখন?

অন্যদিকে একের পর এক আক্রমণ শেষে বিরতির আগমূহূর্তে প্রথম সাফল্যের দেখা পায় ম্যানইউ। দলকে লিড এনে দেন পর্তুগিজ তারকা ব্রুনো ফের্নান্দেস। বাঁ দিকে মার্সাক র‍্যাশফোর্ডকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন ক্রিস্তিয়ান এরিকসেন, সতীর্থের ফিরতি পাস পেয়ে তিনি কাট-ব্যাক করেন ফের্নান্দেসকে। ১২ গজ দূর থেকে ডান পায়ের শটে বাকি কাজটা সারেন ফের্নান্দেস।

বিরতির পরও আধিপত্য দেখায় ম্যানইউ। তবে প্যালেস ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে তারা আর কোনো বল জালে জড়াতে পারেনি। ৭৩ মিনিটে প্যালেসের ডিফেন্ডারদের বাধায় বক্সে স্কট ম্যাকটমিনে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা। তবে রেফারির সাড়া মেলেনি, ভিএআরেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। ৮০ মিনিটে উইলফ্রেড জাহাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এই নিয়ে পঞ্চম হলুদ কার্ড দেখায় আগামী রোববার আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন না এই ক্যাসেমিরো।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য আর্সেনালকে থামাতে পারেনি হ্যারি কেইনরাও

এদিকে ১-০ গোলে থেকে যখন পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার স্বপ্নে বিভোর ছিল ম্যানইউ তখনই যোগ করা সময়ের গোলে তাদের হতাশায় নিমজ্জিত করেন মাইকেল ওলিস। চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরান ওলিস।

১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ম্যানইউ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ম্যাচ কম খেলে সমান ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ম্যানসিটি। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!