অধিকৃত অঞ্চলে ইউক্রেনীয় মুদ্রা বাতিল রাশিয়ার
<![CDATA[
ইউক্রেন থেকে অধিকৃত চার অঞ্চলে ইউক্রেনীয় মুদ্রা বাতিল করেছে রাশিয়া। অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে একীভূতকরণের প্রায় চার মাস পর এ সিদ্ধান্ত নিল মস্কো। যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অভিযানের প্রথম দিকেই ইউক্রেনের বিশাল একটা দখল করে নেয় রুশ বাহিনী।
সেপ্টেম্বর মাসে এসে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া নামে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূতকরণের উদ্যোগ নেয়া হয়। গণভোটের মধ্যদিয়ে ওই চারটি অঞ্চল নিজেদের অধিভুক্ত করে নেয় রাশিয়া। যদিও পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, ওই চার অঞ্চলে ইউক্রেনীয় মুদ্রার লেনদেন বাতিল করা হয়েছে। সেই জায়গায় রুশ মুদ্রা রুবল ব্যবহার করা হচ্ছে। এদিকে যুদ্ধের প্রায় ১০ মাসের মাথায় এসে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
আরও পড়ুন: ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে রাশিয়া: জেলেনস্কি
এদিকে নববর্ষের প্রাক্কালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন সেনার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুসছে রাশিয়া। মস্কো ভয়াবহ ওই হামলার প্রতিশোধ নিতে ব্যাপক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে বলেছেন, ব্যাপক ড্রোন হামলার পরিকল্পনা করছে রাশিয়া। সোমবার (২ জানুয়ারি) রাতে এক ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি গোয়েন্দা প্রতিবেদনে পেয়েছেন মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আরও হামলা চালাবে।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার মাধ্যমে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে তারা যতই হামলা করুক না কেন, আমরা এটা প্রতিরোধে সবকিছু করব। সন্ত্রাসীরা যে লক্ষ্য নিয়েছে আমাদের তা ব্যর্থ করে দিতে হবে।’
আরও পড়ুন: রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা
গত শনিবার (৩১ ডিসেম্বর) ছিল ২০২২ সালের শেষ দিন। নববর্ষের আগের দিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ব্যাপক লড়াই হয়। অধিকৃত দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়।
]]>




