অপসাংবাদিকতা বন্ধে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে হবে
<![CDATA[
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, অপসাংবাদিকতা বন্ধ করতে হলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। এর জন্য অবশ্যই একটি আইন দরকার রয়েছে। আশার কথা হচ্ছে এই আইন তৈরির কাজটি এগিয়ে যাচ্ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, ‘সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করলে সাংবাদিকতার মান বৃদ্ধি পাবে। এতে সাংবাদিক নাম ব্যবহার করে অপরাধ করার মতো ঘটনা বন্ধ হবে।’
প্রেস কাউন্সিলের প্রধান কাজ সাংবাদিকদের মান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করা জানিয়ে তিনি বলেন, ‘এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে।’ এটা শেষ করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
আরও পড়ুন: সাংবাদিকতা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ-মর্যাদাপূর্ণ পেশা: আরেফিন সিদ্দিক
২০০৫ সাল থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য করে চেয়ারম্যান বলেন, এই আইন অবশ্যই সাংবাদিক বান্ধব। সকলের সাথে আলোচনা করেই এই আইনটি করার কাজ এগিয়ে চলছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম বলেন, সাংবাদিকতার জন্য কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকার বাইরে এটা নানাভাবে আলোচিত একটি শহর। ফলে ঢাকার মতো এখানে ক্ষেত্রেও প্রসারিত হচ্ছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, বিএফইউজের সাবেক সদস্য এডভোকেট আয়াছুর রহমান, বিএফইউজের সদস্য আবদুল কুদ্দুস রানা প্রমুখ।
]]>




