অবসরে যাচ্ছেন স্প্যানিশ রেফারি লাহোজ!
<![CDATA[
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনি মাতেও লাহোজ। সেই ম্যাচে ১৯টি কার্ড দেখিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এরপর লা লিগায় বার্সেলোনা ও এস্পানিওয়েল ম্যাচে ১৭টি কার্ড দেখান ৪৫ বছর বয়সী এই রেফারি। যার কারণে এক সপ্তাহের জন্য লাহোজকে বিরতিতে পাঠিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কার্ডের বন্যা বইয়ে দেন লাহোজ। তার এমন কার্ড দেখানোর নেশার কারণে এরপর কাতার বিশ্বকাপে আর কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পাননি তিনি।
এদিকে গত সপ্তাহে লা লিগার এক ম্যাচে ১৭টি কার্ড দেখিয়েছেন লাহোজ। যার মধ্যে বার্সা ডিফেন্ডার আলবা এবং এস্পানিওয়েল মিডফিল্ডার ভিনিসিয়াস সুজাকে লাল কার্ড দেখান তিনি। এরপরই লাহোজকে এক সপ্তাহ ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেয়ার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কার্ডের বন্যার ম্যাচে পয়েন্ট খোয়াল বার্সেলোনা
ক্রীড়া সাংবাদিক গাটসল এডুলের বরাত দিয়ে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, এখন রেফারিং ক্যারিয়ারের থেকে অবসর নেয়ার ব্যাপারে ভাবছেন লাহোজ। এ ছাড়া অন্যান্য স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোজ তার বাঁশি তুলে রাখতে যাচ্ছেন। যদিও সেটা চলতি মৌসুম শেষে।
১৯৯৯ সালে স্পেনের চতুর্থ ডিভিশন টেরসেরায় রেফারি হিসেবে অভিষেক হয় লাহোজের। সেখানে ২০০২ সাল পর্যন্ত রেফারির দায়িত্ব পালনের পর স্পেনের তৃতীয় ডিভিশনের দায়িত্ব পান তিনি। ২০০৮ সালে লা লিগায় রেফারির দায়িত্ব পান লাহোজ। এরপর থেকে দীর্ঘ ১৬ বছর ধরে লা লিগায় রেফারিং করে যাচ্ছেন তিনি। ২০১১ সালে আন্তর্জাতিক রেফারির জন্য লাহোজের নাম ফিফা তালিকাভুক্ত করে।
]]>




