অস্ত্র মামলায় সাহেদের জামিন স্থগিতই থাকবে
<![CDATA[
অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি) শুনবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে হাইকোর্টের জামিনের ওপর চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় মোহাম্মদ সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। মামলায় সাহেদকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় যাবজ্জীবন ও (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। দুটি সাজা একত্রে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই অস্ত্র বাজেয়াপ্ত ও যে গাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তার মালিকানা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়।
আরও পড়ুন: আমার স্ত্রীকে সবাই অপমান করে ‘চোরের বউ’ বলে ডাকে: সাহেদ
পরে হাইকোর্টে আপিল করে জামিন চান সাহেদ। গত ৭ জুন তাকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদেনে ১২ জুন তা স্থগিত করেন চেম্বার আদালত।
করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়ায় ২০২০ সালের ১৫ জুলাই বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতারের দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র মামলায় ওই বছরের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এর আগে করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়া, সরকারের কাছে বিল দেয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেয়াসহ নানা অনিয়মের খবর পেয়ে র্যাব গত বছরের ৭ ও ৮ জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেয়।
]]>




