আগামী মাসে খুলছে বালিয়ামারী সীমান্ত হাট
<![CDATA[
করোনার শুরুতে বন্ধ হয়ে যাওয়া কুড়িগ্রামের রৌমারীর বালিয়ামারী সীমান্ত হাট খুলবে ডিসেম্বর মাসে। আগের নিয়মে সপ্তাহে দুইদিন (সোমবার ও বুধবার) বসবে এ হাট। এ নিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর একটার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের বালিয়ামারী সীমান্ত হাটে দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ভারতের ২০ সদস্য বিশিষ্ট ও বাংলাদেশের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বর্ডার হাট এলাকা পরিদর্শন করে।
এ সময় ভারতের পক্ষে নেতৃত্ব দেন মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় আমপাতি জেলা প্রশাসক শ্রী জি খারমাওফ্লাং (আইএএস) ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) খন্দকার মুদাচ্ছির বিন আলী, জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক শামছুল হক, রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার স্মৃতি, রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, রাজীবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়েরচর বিএসএফ ক্যাম্প কমান্ডর সন্দ্বীপ ও বলদামগিরি বিএসএফ ক্যাম্প কমান্ডার অতুল কুমার বর্মণ প্রমুখ।
কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে বালিয়ামারী বর্ডার হাটটি বন্ধ রয়েছে। হাটটি পুনরায় চালুর বিষয়ে দুই দেশের ডিসি পর্যায়ে সফল আলোচনা হয়েছে। এরই প্রেক্ষিতে দুই দেশের প্রতিনিধি দল বর্ডার হাটটি সরেজমিন পরিদর্শন করেছেন। সার্বিক প্রস্তুতি শেষে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে হাটটি চালু করা হবে।
আরও পড়ুন: পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি ব্যবসায়ীদের
জেলা প্রশাসক আরও বলেন, হাটটি চালু হলে দুই দেশের ৩৭ ধরনের পণ্য বেচা-কেনা করা যাবে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন। বাংলাদেশের ২৫ জন বিক্রেতা ও ৫৮৭ জন ক্রেতা এবং ভারতের ৫০ জন বিক্রেতা ও ২৫১ জন ক্রেতা রয়েছেন। এদের সবাইকে হাটে আসা-যাওয়ার জন্য অনুমতিপত্র দেয়া আছে। স্বাভাবিকভাবে হাটের ক্রেতা-বিক্রেতা নির্ধারিত থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনো সমস্যা হবে না।
উল্লেখ্য, বাংলাদেশের কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী এবং ভারতের মেঘালয়ে রাজ্যের আমপাতি জেলার মহেন্দ্রগঞ্জ থানার কালাইরচর সীমান্তের ১০৭২ মেইন পিলারের ১৯ নম্বর সাব-পিলারের পাশে উভয় দেশের ৭৫ মিটার করে ৪ বিঘা জমিতে ২০১১ সালের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে হাটটি চালু করা হয়। তখন থেকে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হাট বসতো।
এ ছাড়া ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সভায় বর্ডার হাট বসানোর দিন বাড়িয়ে দুই দিন করা হয়। এরপর ২০১৯ সালের ৭ অক্টোবর থেকে সপ্তাহে দুই দিন সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটে কেনা-বেচা চলে আসছিল।
]]>




