‘আমার জীবনটা মানুষের জন্য উৎসর্গ করেছি’
<![CDATA[
বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপির ৮০তম জন্মবার্ষিকী পালন করেছে ভোলা জেলা আওয়ামী লীগ। জন্মদিনের অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমার জীবনটা মানুষের জন্য উৎসর্গ করেছি।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্টজনরা। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মমিন টুলার সভাপতিত্বে আলোচনা সভায় সিঙ্গাপুর থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনাদের দোয়া নিয়ে বাঁচতে চাই। যতদিন আমি আছি, ভোলার মানুষের খেদমত করতে চাই। ভোলার মানুষের কাছে ঋণী। কারণ, তারা আমাকে আটবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন ভোলার মানুষের জন্য কাজ করব। আমার জীবনটা মানুষের জন্য উৎসর্গ করেছি।’
আরও পড়ুন: গোপালগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. ইউনুছসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মৌলবি আজহার আলী ও মা ফাতেমা খানম। বাংলাদেশের রাজনীতির শীর্ষস্থানীয় এ নেতা ১৯৬০ সালে ভোলা সরকারি হাইস্কুল থেকে মাধ্যমিক, ১৯৬২ সালে বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি পাস করেন।
]]>




