আমি অসহায় শুনলে যদি কেউ খুশি হয়, তাহলে আমি অত্যন্ত অসহায়
<![CDATA[
প্রায় এক দশক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন নাজমুল হাসান পাপন। টাইগারদের দল নির্বাচন থেকে শুরু করে খুঁটিনাটি সবকিছুতেই নাকি থাকে তার হস্তক্ষেপ। এমনটা শোনা যায় প্রায়ই। তবে সম্প্রতি বিসিবির সাবেক এক পরিচালক দাবি করেন, বিসিবিতে কোণঠাসা হয়ে পড়েছেন পাপন। তাকে নাকি মোবাইল ফোনে জানিয়েছেন নিজের অসহায়ত্বের কথা। তবে তার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের মন্তব্য জুগিয়েছিল আলোচনার খোরাক৷ তার দাবি, বিসিবিতে অসহায় হয়ে পড়েছেন খোদ বিসিবি সভাপতিই। তাকে নাকি মোবাইল ফোনে নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল নির্বাচন, একাদশে কে থাকবে না থাকবে ইত্যাদি নিয়ে নাকি তার সঙ্গে কোনো আলোচনাই করা হয় না। শুধু মিডিয়ার সামনে শিখিয়ে দেয়া কথা বলাটাই নাকি কাজ বিসিবি সভাপতির। ক্রিকেটের সাম্প্রতিক বিশৃঙ্খল পরিস্থিতিতে তার এমন দাবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশের ক্রিকেট নিয়ে শঙ্কা জাগে অনেকের মনেই।
তবে বিসিবি সভাপতি পাপনের কাছে এ বিষয়ে জানতে চাইলে হেসেই উড়িয়ে দেন সব। খুব একটা আমলে নিতে চান না বিষয়গুলো।
আরও পড়ুন:মেয়েদের খেলা না দেখা আমাদের ব্যর্থতা: পাপন
রোববার (২ অক্টোবর) ছিল বিসিবির বর্তমান কমিটির ৭ম বোর্ড সভা। পূর্বাচলে নির্মাণ শুরুর অপেক্ষায় থাকা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চুক্তির অনুমোদন দেয়াই ছিল এ সভার মূল এজেন্ডা। এ ছাড়া আলোচনা ছিল বিপিএল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি নিয়েও।
সভা শেষে বিসিবি সভাপতি হয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি। তাকে উদ্দেশ্য করে ছুটে গেল সাম্প্রতিক সময়ে তোলা বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের সেই মন্তব্য নিয়েও প্রশ্ন।
জবাবে পাপন বলেন, ‘মজা পাচ্ছে, পেতে দেন। অসুবিধা নেই। কিন্তু আমি আমার মনের দিক থেকে পরিষ্কার। আমার কোনো অভিযোগ নেই। এখনো যদি মনে হয় আমি অসহায়, আমার আর কিছু বলার নেই। আই হ্যাভ নো কমেন্টস। আমি অত্যন্ত অসহায়, উনি যদি শুনে খুশি হন।’
আরও পড়ুন:সুজনের ইচ্ছাতে নির্বাচিত হয় দল: পাপন
তবে বিসিবি সভাপতি মেনে নিলেন যে, দল নির্বাচন বা একাদশে কে থাকছে না থাকছে, এসব নিয়ে আসলেই তিনি জানেন না। দল নিয়ে হস্তক্ষেপে আগ্রহী নন তিনি। বরং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।
তিনি বলেন, ‘টিম সিলেকশন কী হবে না হবে, বেস্ট ইলেভেনে কে খেলবে, আমি তার কিছুই জানি না। এটা তো আমি আপনাদের আজ না, সবসময়ই বলে আসছি। আমি ওনাকে ফোন করেছিলাম মেইনলি একটা জিনিসের জন্য। উনি কন্টিনিউয়াসলি যে বলে যান, যদি আমি এটাকে বলি মিথ্যা, তাহলে তো অনেকে আবার মনে কষ্ট পাবেন। কিন্তু এই যে কন্টিনিউয়াসলি বলে যান, ওনার তো একটা মর্যাদা আছে। ওনার পক্ষে কি এটা মানায়?’
]]>




