আর্থিক সংকটে ২ বছরের সন্তানকে বিক্রির চেষ্টা আফগান নারীর
<![CDATA[
চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত আফগানিস্তান। গত বছরের আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখলের পর পরিস্থিতি ক্রমান্বয়ে আরও খারাপ হচ্ছে। এমন অবস্থায় বলখ প্রদেশের একটি পরিবার তাদের সন্তানকে বিক্রির চেষ্টা করেছে বলে শনিবার (১২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে।
তবে স্থানীয়রা ওই পরিবারকে খাদ্য ও অন্যান্য সহায়তা দিলে দুই বছর বয়সী শিশুটি বিক্রি হওয়া থেকে রক্ষা পায়। বলখের ডেপুটি গভর্নর নুরুল হাদি আবু ইদ্রিস বলেন, ‘আমরা কয়েক দিন ধরে রেডক্রসের সঙ্গে বৈঠক করেছি, কীভাবে তারা আমাদের সহায়তা করতে পারে, সে বিষয়ে এ প্রতিষ্ঠানের সদস্যদের সচেতন করব।’
টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, শিশুটির মা জানিয়েছেন, চরম দারিদ্র্যের কারণে তিনি তার সন্তানকে বিক্রির চেষ্টা করতে বাধ্য হয়েছেন।
নাসরিন নামে ওই নারী বলেন, ‘আমি সত্যিই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমার খাওয়ার বা জ্বালানি ব্যবহারের জন্য কিছু নেই। আমি শীতের জন্য কোনো প্রস্তুতি নিইনি। আমার মেয়েকে বিক্রি করতে হবে এবং শীতের জন্য কিছু জিনিস আনতে হবে।’
আরও পড়ুন: তালেবানের অভিযানে ৬ আইএস সদস্য নিহত
নাসরিন জানান, স্থানীয় সরকার বা মানবিক সংস্থাগুলো এক বছরেরও বেশি সময় ধরে তাকে কোনো সহায়তা দেয়নি। তিনি বলেন, ‘আমি নিজে দু-তিনবার কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম এবং সাহায্যের জন্য আমার নাম তালিকায় রাখার জন্য অনুরোধ করেছিলাম। তারা জানিয়েছিল আমার নাম লিখেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সহায়তা পাইনি।’
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশটির জনগণ কোনো মৌলিক সুযোগ-সুবিধা পায়নি বলে অভিযোগ রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আফগানিস্তানের অর্থনৈতিক সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
]]>




