একদিন আগেই বরিশালে মির্জা ফখরুল
<![CDATA[
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে একদিন আগেই পৌঁছেছেন। তার সঙ্গে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে একটি বেসরকারি বিমানের ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
বরিশাল বিমানবন্দরে তাদের বরণ করে নেন গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, মজিবর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলিকস আক্তার জাহান, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ।
এদিকে মহাসচিবসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হোটেল গ্রান্ড পার্কে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। ফখরুলকে বহনকারী গাড়িবহর সন্ধ্যা ৬টার দিকে গ্রান্ড পার্কের সামনে এসে থামে। তবে তারা সমাবেশস্থলে যাননি।
আরও পড়ুন: সকালে বিএনপির সমাবেশ, সন্ধ্যায় লাঠি হাতে ছাত্রলীগের মহড়া
এর আগে বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।
আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সভাপতিত্ব করবেন। নগীরর বঙ্গবন্ধু উদ্যান আয়োজিত এই গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করার কথা রয়েছে।
]]>




