এক ম্যাচে দুই বিশ্ব রেকর্ড রোনালদোর
<![CDATA[
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা যেন রেকর্ড গড়া ও ভাঙার উদ্দেশ্য নিয়েই মাঠে নামেন। এ যেমন কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে তিনি গড়েছেন দুটি বিশ্ব রেকর্ড।
‘এইচ’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ৯৭৪ স্টেডিয়ামে ঘানাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর পর্তুগাল। এ জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তার দল। ম্যাচের প্রথম গোলটি আসে রোনালদোর পা থেকে।
এ নিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে পঞ্চম ফুটবলার হিসেবে তিনি পঞ্চমবারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো আর্থে’ খেলার রেকর্ড গড়েছেন। তবে পাঁচ জন ফুটবলারের গড়া রেকর্ডের ভাগিদার নয়, তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন একমাত্র ফুটবলার হিসেবে সবগুলো আসরে গোল করে। আর দ্বিতীয় রেকর্ডটি গড়েছেন বিশ্ব আসরে সর্বোচ্চ সাতবার ম্যাচসেরা নির্বাচিত হওয়ার মাধ্যমে।
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধে গোলবন্যা, ঘানার বিপক্ষে জিতল রোনালদোর পর্তুগাল
পর্তুগিজ তারকা পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের আ’ইয়েন রোবেন ও আর্জেন্টিনার লিওনেল মেসিকে। তারা দুজনই ছয়বার করে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া পাঁচ বার ম্যাচসেরা হয়েছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ।
এর আগে ৯৭৪ স্টেডিয়ামে ঘানার বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো ম্যাচসেরা পুরস্কার জিতে নেন। ম্যাচে তিনি অবশ্য দুবার জালভেদ করেছিলেন। তবে বল জালে জড়ানো আগে প্রতিপক্ষের একজন ফুটবলারকে ফাউল করায় তার অন্য গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি।
বিশ্বকাপে এ নিয়ে রোনালদোর গোলসংখ্যা ৮টি। এখানেও তিনি পেছনে ফেলেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে। সৌদি আরবের বিপক্ষে একটি গোল করে আর্জেন্টাইন তারকা রোনালদোর পাশে নাম লিখিয়েছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের তালিকায় রোনালদোই এখন সর্বোচ্চ গোলদাতা।
আরও পড়ুন: বিশ্বকাপে গোলের হিসাবে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো
৩৭ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের একমাত্র অপরিপূর্ণতা একটি ফিফা বিশ্বকাপ। শেষবারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ তিনি নেমেছেন সে মিশন পূরণে। ঘানার বিপক্ষে জয়ের পর রোনালদো নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমাদের বিশ্বকাপ অভিষেকের খুব গুরুত্বপূর্ণ জয়, কিন্তু এখনো কিছুই জেতা হয়নি! এটা শুধু প্রথম ধাপ ছিল। আমাদের মনোযোগ এখনো লক্ষ্য পূরণে। ফোর্সা (শক্তি), পর্তুগাল!’
]]>




