এটাই আমার শেষ বিশ্বকাপ, স্বপ্নপূরণের শেষ সুযোগ
<![CDATA[
দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে মাঠে নামলেই পাঁচটি বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় ঢুকে যাবে মেসির নাম। ৩৫ বছর বয়সী তারকার কথা অনুযায়ী এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। অর্থাৎ, বিশ্বকাপ জিতে অবসর নেয়ার এটাই শেষ সুযোগ আর্জেন্টিনার অধিনায়কের।
বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে শঙ্কার মেঘ ক্রমে বাড়ছিল। কাতার বিশ্বকাপের আগে একে একে যেভাবে তারকা ফুটবলাররা ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক। ভয়টা আরও বেড়েছিল যখন জানা গিয়েছিল, চোটের কারণে একা একা অনুশীলন করছেন মেসি। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলন করে মেসি সে শঙ্কা দূর করেন।
বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে মেসি জানান, সুস্থ আছেন তিনি। মেসি বলেন, ‘শারীরিকভাবে খুব ভালো বোধ করছি। মানসিক ও শারীরিক দুদিক থেকেই খুব ভালো আছি। কোনো সমস্যা নেই।’
আরও পড়ুন:দলের সঙ্গে অনুশীলনে মেসি, স্বস্তিতে সমর্থকরা
হালকা চোট থাকাতেই আলাদা করে অনুশীলন করেছেন মেসি। বিশ্বকাপের আগে একটু বাড়তি সতর্কতার অংশ হিসেবেই এটি করা, এমনটাই জানিয়েছেন তিনি।
মেসি বলেন, ‘আলাদা অনুশীলন করার কথা লোকে বলাবলি করেছে, সেটা কানে এসেছে। আসলে একটু আঘাত পেয়েছিলাম তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। স্রেফ সাবধানতা হিসেবে এটা করেছি।’
প্রথমবারের মতো শীতকালে হতে চলেছে বিশ্বকাপ। কাতারের মতো উষ্ণ জলবায়ুর দেশেও আগে কখনো হয়নি বিশ্বকাপ। নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে আলাদা কোনো প্রস্তুতি নেননি বলেই জানিয়েছেন মেসি। সেই সঙ্গে জানিয়ে দিলেন গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে তার আর দেখা মেলার সম্ভাবনা খুবই কম।
তিনি বলেন, ‘বিশেষ কিছুই করিনি। শুধু নিজের যত্ন নিয়েছি, যেভাবে ক্যারিয়ারজুড়েই করে এসেছি। আমি জানি এ মুহূর্তটা বিশেষ। কারণ, এটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। যে স্বপ্নটা আমি এবং আমরা দেখে এসেছি তা পূরণের এটাই শেষ সুযোগ।’
আরও পড়ুন:সৌদির বিপক্ষে নামার আগে ভালো বোধ করছেন মেসি
গত বছর কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলের শিরোপাখরা ঘুচিয়েছেন মেসি। তবে বিশ্বকাপের মহিমা তো আরও বড়। শুধু আর্জেন্টিনার মানুষই নয়, মেসির হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চান সারা বিশ্বের অসংখ্য মানুষ। মেসি নিজেও জানেন সেটা। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বাইরে অনেকেই আমাদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় আর সেটা আমারই জন্য, এটা বুঝতে পেরে ভালোই লাগে। গোটা ক্যারিয়ারে বিশ্বব্যাপী আমি যে ভালোবাসা পেয়ে এসেছি, সে জন্য কৃতজ্ঞ। কাতারেও সেই উদাহরণ দেখছি।’
আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘকাল দেখা মেলেনি প্রকৃত মেসির। এ ছাড়া দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়নি মেসিকে। বরং ভক্তদের থেকে ভালোবাসাই বেশি পেয়েছেন ৩৫ বছর বয়সী মহাতারকা। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামার আগে তাই ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, বিশ্বকাপে আর্জেন্টিনার ভক্তদের নিয়েই পথ চলতে চান। তিনি লিখেছেন, ‘অনেক স্মৃতি আছে। ভালো ও মন্দ দুটোই আছে। কিন্তু জাতীয় দল ও দেশের প্রতিনিধিত্ব করতে সবসময় গর্ব অনুভব করেছি। আগামীকাল (মঙ্গলবার) অনেক স্বপ্ন নিয়ে আরেকটি বিশ্বকাপ শুরু করব। আমরা একসঙ্গেই পথ চলব।’
]]>




