কাটাখালীর সেই সাবেক মেয়র আব্বাস জামিনে মুক্ত
<![CDATA[
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী এক বছর পর জামিনে মুক্ত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কারামুক্ত হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এর আগে দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় আব্বাস আলীকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান জামিন মঞ্জুর করেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আব্বাস আলীর আইনজীবী পারভেজ তৌফিক জাহিদী জামিনের আবেদন করেছিলেন। আসামি আব্বাস আলীর উপস্থিতিতেই আদালতে জামিন শুনানি হয়। পরে আদালত জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে কটূক্তির কথা ‘স্বীকার’, লাইভে কাঁদলেন মেয়র আব্বাস
ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলার মধ্যে একটির বাদী ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল মমিন। গত বছরের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎকালীন মেয়র আব্বাসের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় এই মামলা করেন তিনি। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে কটূক্তির অভিযোগে থানায় অপর মামলাটি করেন কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি, পৌর মেয়রের অডিও ভাইরাল
সাবেক মেয়র আব্বাসকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়। ওই মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে থাকা তিনটি মামলাতেই জামিন পেলেন আব্বাস আলী।
গত বছরের ১ ডিসেম্বর ঢাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে স্থানীয় সরকার বিভাগ প্রথমে সাময়িক এবং পরে স্থায়ীভাবে মেয়রের পদ থেকে তাকে বরখাস্ত করে। এর আগে ২৫ নভেম্বর আব্বাস আলীকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ এবং ২৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
]]>




