কেএনএফের জঙ্গিসংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
<![CDATA[
পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসহ (কেএনএফ) অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফ, তারপর সন্তু লারমার একটা বাহিনী রয়েছে। পার্বত্য এলাকায় এমন আরও অনেক বাহিনী রয়েছে। এরা সবসময়ই আমাদের সীমান্ত এলাকায় একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাতেই প্রয়োজনমতো পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী ব্যবস্থা গ্রহণ করছে।
আরও পড়ুন: শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, বিচ্ছিন্নতাবাদীদের আমরা আমাদের এলাকায় থাকতে দিচ্ছি না, তাদের সরিয়ে দেয়া হচ্ছে। যখনই বুঝতে পারছি, কোনো বিচ্ছিন্নতাবাদী কিংবা জঙ্গি সংগঠন বাংলাদেশে অবস্থান করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সরিয়ে দিচ্ছি।
মন্ত্রী বলেন, কেএনএফের সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টতার বিষয়গুলো দেখা হচ্ছে। ধারণা করছি, যে জঙ্গিরা সেখানে গিয়েছিল, তারা কেএনএফের ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিল। আমরা এগুলো দেখছি। জঙ্গিদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে আপনাদের জানাতে পারব।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে এক নতুন সশস্ত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। বান্দরবানের বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছেন বলে জানা গেছে।
]]>




