খাবারে রং ব্যবহার করায় বেকারিকে জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ রং ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরির অভিযোগে মৌচাক বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী বাজারের মৌচাক বেকারিকে মেয়াদোত্তীর্ণ রং ও ফুড কালার ব্যবহার করে জন্মদিনের কেক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আগামীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।




