খুলনায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
<![CDATA[
খুলনার হরিণটানা এলাকায় আব্দুল্লাহ জমাদ্দার (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে হরিণটানা বাইপাস এলাকার এ আর প্রপার্টিজের ভেতরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ লবণচরা মোহাম্মদ নগর এলাকার রফিকুল ইসলামের একমাত্র ছেলে। সে খুলনার জিরো পয়েন্ট এলাকার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: নিখোঁজের এক দিন পর মিলল শিশু আহনাফের মরদেহ
স্বজনরা জানান, পরিবারে সচ্ছলতা না থাকায় পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে ইজিবাইক চালাত আব্দুল্লাহ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাবার ইজিবাইক নিয়ে বের হয়ে রাতেও না ফিরে আসায় খুঁজতে শুরু করেন স্বজনরা। মাইকিং করেন বিভিন্ন এলাকায়। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তি হরিণটানা বাইপাস এলাকার এ আর প্রপার্টিজের ভেতরে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনরা।
আরও পড়ুন: ‘নিখোঁজের জিডি নেয়নি পুলিশ’ /নরসিংদীতে ৭ দিন পর মিলল শিশু সোহানার মরদেহ
খুলনা মহানগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আব্দুল্লাহ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে গতকাল (সোমবার) রাতে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
]]>




