‘খেলা বন্ধের’ কথা শুনে জোরালো ভাবে ‘খেলতে’ চাইলেন কাদের
<![CDATA[
জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ‘খেলা বন্ধ’ করার জন্য ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানালে প্রতিউত্তরে আরও জোরালো ভাবে ‘খেলার’ কথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে। খেলা হবে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে।’
বুধবার(২ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
এর আগে সংসদের বৈঠকের শেষ পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বিআরটি প্রকল্পের কারণে এয়ারপোর্ট সড়কের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, জনদুর্ভোগ থেকে জন-অসন্তোষ তৈরি হচ্ছে। এ জন-অসন্তোষকে লাঘব করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে মনে হয় না।
সেতুমন্ত্রীর উদ্দেশে হারুন বলেন, ‘যোগাযোগমন্ত্রী প্রায়ই বলছেন “খেলা হবে”। আগামী ১০ ডিসেম্বর খেলা হবে। আমরা এমন খেলা দেখতে চাচ্ছি না যে জনদুর্ভোগে মানুষ পড়েন। এ দেশে দ্রব্যমূল্য, বিদ্যুৎ—এগুলো নিয়ে কয়েক মাস যাবৎ বিএনপি সভা-সমাবেশ করছে। আপনি কেন পরিবহন বন্ধ করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে বলেন, “কী কারণে পরিবহন বন্ধ হয়েছে, বলতে পারব না।” দেশ চালাচ্ছেন কেন আপনারা? একটা নয়, দুটো নয়, একের পর এক।’
সেতুমন্ত্রীর উদ্দেশে হারুনুর রশীদ আরও বলেন, ‘জনদুর্ভোগ আর বাড়ায়েন না। জনদুর্ভোগে যে জন-অসন্তোষ তৈরি হচ্ছে, তাতে ভয়াবহ অবস্থা তৈরি হবে।’
এ সময় সরকারকে রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসার আহ্বান জানান বিএনপির এই সংসদ সদস্য। বলেন, ‘দীর্ঘদিন ধরে বিরোধী দলকে যে সভা-সমাবেশ করতে দেন না, সেই জায়গায় একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনুন। আমি মনে করি, খেলা বন্ধ করুন। খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন।’
আরও পড়ুন: রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে কী বললেন প্রধানমন্ত্রী?
এরপর হারুনুর রশীদের বক্তব্যের জবাবে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রোরেল সামনে হচ্ছে। এলিভেটেড এগিয়ে গেছে। কর্ণফুলী টানেল রেডি। কী চান আর? একটা সরকার, এতগুলো প্রজেক্ট। যেদিকে তাকান ফ্লাইওভার, আন্ডারপাস-ওভারপাস। আপনাদের সময় কী ছিল? জিরো। ওই জিরোর বিরুদ্ধে খেলা হবে। ওই জিরো যে করছেন! ভোগান্তিতে রাখছেন লাখো কোটি মানুষকে। সেটিই খেলা হবে।’
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের কারণে ভোগান্তির কথা স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, প্রকল্পটিতে নকশায় ত্রুটি ছিল। এ কারণে সমস্যা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
ওবায়দুল কাদের বলেন, ‘আগুনে বাস পোড়ালে ভালো লাগে। বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না। এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে। বিএনপিকে দেখলেই মনে করে পেট্রল বোমা। বিএনপিকে দেখলেই মনে করে ককটেল।’
তিনি বলেন, ‘খেলা হবে। এর বিরুদ্ধেই খেলা হবে। খেলা হবে। আমি বলছি খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে। খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। খারাপ কী বলেছি?’
]]>




