গণতন্ত্রকে বাঁচাতে হলে আ. লীগকে বাঁচাতে হবে: কাদের
<![CDATA[
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ জনগণের পাশে আছে, কেউ জনগণের জান মালের ক্ষতি করতে এলে তা প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা টাকা পাচার করে ৭ বছরের দণ্ডিত হয়েছে তারা আবার নির্বাচন করবে! মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
আগামী নির্বাচনে খেলা হবে মন্তব্য করে তিনি বলেন, যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, তাদের ক্ষমা নেই।
এদিকে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় পর আজ অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: বিএনপির কারণেই জঙ্গি উত্থান: তথ্যমন্ত্রী
সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা বেলা দুইটায় শুরু হলেও সকাল থেকেই সম্মেলনস্থলে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন ও তেরণে সজ্জিত করা হয় শহরের বিভিন্ন রাস্তা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়াও সভাপতিণ্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শামসুল ইসলাম লিটনের নাম ঘোষণা করেছেন ওবায়দুল কাদের।
]]>




