গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে সহায়তা চাইলেন চোর!
<![CDATA[
রাতে দোকানে চুরি করতে ঢুকে দোকানের মালপত্র গুছিয়ে ব্যাগভর্তি করতে অনেক বেশি সময় লেগে গেছে ইয়াছিনের। এতে ওই দোকানেই অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান তাকে উদ্ধার করার জন্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার থানায় নিয়ে আসে।
বুধবার (১৯ অক্টোবর) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে অবাক হয়েছে পুলিশ।
আটক মো. ইয়াছিন খাঁ (৪১) ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আটককৃত ব্যক্তি বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বলেন, তিনি খুব বিপদে পড়ছেন। তাকে যেন দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। পরে তাকে কনফারেন্সে রেখে ৯৯৯ থেকে বন্দর থানার ডিউটি কর্মকর্তাকে জানানো হয়। এ সময় তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেন। পুলিশ সদস্যরা গিয়ে দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। ওই উদ্ধারের সময় দোকানের দামি মালামাল ব্যাগে ভর্তি করা ছিল।
আরও পড়ুন: ৯৯৯-এর প্রতি আস্থা নষ্ট করা যাবে না
মো. আসাদুজ্জামান আরও বলেন, চুরির মালামাল গুছিয়ে ব্যাগভর্তি করতে তার বেশি সময় লেগেছে বলে জানিয়েছে ওই ব্যক্তি। লোকজন দোকানের পাশে অবস্থান করছিল। এ কারণে তিনি বের হতে পারছিলেন না। আর ধরা পড়লে জনতার হাতে গণপিটুনির শিকার হবেন। তাই তার জীবনের ঝুঁকি ছিল। তার এসব কথা শুনে উদ্ধার করতে যাওয়া পুলিশ সদস্যরা কিছুটা অবাক হয়েছেন।
ওসি বলেন, একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
]]>




