বাংলাদেশ

গণভোটের মধ্যেই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রকেট হামলা

<![CDATA[

ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের মধ্যেই ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে ব্যাপক আকারে রকেট হামলার খবর পাওয়া গেছে। হামলার জন্য মস্কোকে দায়ী করেছে কিয়েভ। চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আরটি।

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কসহ চারটি অঞ্চলে গণভোটের মধ্যেই শনিবার (২৪ সেপ্টেম্বর) ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশ এলাকায় চলে দফায় দফায় রকেট হামলা। এতে প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে যায় সবকিছু। ভয়াবহ এ হামলার জন্য মস্কোকে দায়ী করেছে কিয়েভ। তবে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে রাশিয়া।

রুশ বাহিনী হামলা অব্যাহত রাখলেও তাদের প্রতিহত করতে প্রাণপণ লড়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা আরও বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করে ইউক্রেনের সব অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রতিটি হামলার জবাব দেয়া হবে। তারা যেখানেই আমাদের সাধারণ মানুষের ওপর আগ্রাসন চালাবে সেখানই প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের সব অঞ্চল শত্রুমুক্ত করে ছাড়ব। প্রতিটি হত্যার বিচার করা হবে।

এদিকে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে রাশিয়াজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার ৩২টির বেশি শহরে পুতিনবিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। এ সময় অন্তত ৭০০ আন্দোলনকারীকে আটক করা হয়।

আরও পড়ুন: গণভোটের নিন্দা জানাতে বিশ্বের প্রতি জেলেনস্কির আহ্বান

ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রাশিয়ার পক্ষ থেকে আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেয়া হবে না বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মস্কোর অন্তর্ভুক্তির বিষয়ে ভোটদান, ক্রেমলিনের প্রতিনিধিত্ব শুরুর অংশ হওয়ায়, ‘প্রহসনের গণভোটের’ নিন্দা জানাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে যোগ দিতে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের অন্তত চারটি অঞ্চলে গণভোট শুরু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়ায় গণভোট শুরু করেছে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত এ গণভোট চলবে।

আরও পড়ুন: ‘ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া’

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এ গণভোটের আয়োজন করলেও একে রাশিয়ার উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। কারণ এ গণভোটে দেশটির সরকারের সমর্থন রয়েছে। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বলছে, রাশিয়ার এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি যুদ্ধকে আরও তীব্র করবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সাত মাস ধরে চলছে এ যুদ্ধ। চলতি মাসের শুরুর দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভের ইজিয়াম থেকে পিছু হটে রুশ বাহিনী।

এরপরই রাশিয়ার সঙ্গে যুক্ত হতে রুশ নিয়ন্ত্রিত এ চার অঞ্চলের মস্কো সমর্থিত নেতারা গণভোটের সিদ্ধান্ত নেন। এ চার অঞ্চলের আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!