গণমাধ্যমের বিকাশ প্রমাণ করে রাষ্ট্রের বিকাশ হচ্ছে: হাছান মাহমুদ
<![CDATA[
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, গণমাধ্যমের বিকাশ প্রমাণ করে রাষ্ট্রের বিকাশ হচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) ভারতের কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের কলকাতায় কর্মরত প্রতিনিধিদের এ ধরনের একটি সংগঠন আমায় মুগ্ধ করেছে। আমি বলব, শুধু দুই দেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি নয়, আপনারা দুই দেশের গণমানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবেন।’
কলকাতার বাইপাস সংলগ্ন একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের এ ধরনের একটি সংগঠনকে দুই দেশের মানুষের সঙ্গে দুই দেশের সরকারের সুসম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বন্দিদশায় ৪৫ বাংলাদেশি জেলে
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, ৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা জুবিনের সম্পাদক জুলফিকার রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দো-বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী। সদ্য প্রতিষ্ঠিত ইন্দো-বাংলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ছাড়াও কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশী সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ কুমার দাস, দেবদূত পুরোহিত, অমর সাহা, পরিতোষ পাল, তপন রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে
শনিবার (২৯ অক্টোবর) দিনভর টানা কর্মসূচিতে যোগ দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে কলকাতা প্রেসক্লাবের আরেকটি আলোচনা সভায় অংশ নেবেন তিনি। বিকেলে কলকাতার নন্দনে বাংলাদেশ চতুর্থ চলচ্চিত্র উৎসবের সূচনাও করবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
]]>




