গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, অগ্নিসংযোগ-ভাঙচুর
<![CDATA[
গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় আজাদুল হক (৪০) নামে পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
রোববার (২২ জানুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দুর্ঘটনায় পড়া ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন।
নিহত আজাদুল হক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
আরও পড়ুন: ক্যাম্পাসে ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, ট্রাকে আগুন
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কারখানায় দায়িত্ব পালনে যাচ্ছিলেন নিরাপত্তাকর্মী আজাদুল হক। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজাদুল মারা যান এবং আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা ১১টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন লিকেজ, ট্রাকে আগুন
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ওই ট্রাকচালক কৌশলে পালিয়ে গেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। এলাকাবাসীর সহায়তায় ট্রাকটির আগুন নেভানো হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
]]>




