ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
<![CDATA[
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম।
তিনি জানান, বুধবার রাত আড়াইটার দিকে ঘন কুয়াশা পড়তে শুরু করলে ফেরি চলাচল ব্যাহত হয়। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জ-গজারিয়ায় আবারও চালু হচ্ছে ফেরি
আব্দুস সালাম জানান, ছোট বড় প্রায় ১২০টি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। তীব্র শীতের মাঝ নদীতে আটকে পড়া ৫টি ফেরি পাড়ে ফেরার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, ‘কুয়াশার মাত্রা কমে না আসা পর্যন্ত ফেরি চলাচল সম্ভব না। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ থাকার ফলে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে।
]]>




