চুরি-ছিনতাই ছোট অপরাধ বিবেচনা করায় লাগামহীন ছিনতাইকারীরা
<![CDATA[
রাজধানীতে বেড়েছে ছিনতাই। নির্জন স্থান কিংবা অন্ধকারে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়া হচ্ছে পথচারীদের মোবাইল ফোন মানিব্যাগসহ মালামাল। পুলিশ বলছে, ছিনতাইকারীদের ধরতে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। তবে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক সময় সংবাদকে বলেন, চুরি-ছিনতাইয়ের মতো ঘটনাকে ছোট অপরাধ বিবেচনা করায় লাগামহীন ছিনতাইকারীরা।
অন্ধকার নামলেই রাজধানীতে উৎপাত ছিনতাইকারীদের। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছুদিন কমলেও আবার বাড়ে এ ধরনের অপরাধ। নির্জন কিংবা অন্ধকার সড়ক রাজধানীবাসীর কাছে কখনো কখনো হয়ে ওঠে আতঙ্কের স্থান।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন। ক্লাস শেষে সন্ধ্যায় ফিরছিলেন বাসায়। হঠাৎ করেই মোহাম্মদপুর বেড়িবাঁধ রাস্তায় ৫ থেকে ৬ জন ঘিরে ধরে তাকে। গালায় পেটে অস্ত্র ঠেকিয়ে কেড়ে নেয় মোবাইল ফোন ও টাকা। করে মারধরও। এমন চিত্র এ রাস্তায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের ভাষায় এ এলাকা এখন ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শুধু মোহাম্মদপুরই নয়, একই পরিস্থিতি রাজধানীজুড়ে রয়েছে।
পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্তই রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে ৭২টি, যা ২০২১ সালে ছিল মোট ৬৩টি। তবে এই মামলার বেশিরভাগই বড় ধরনের ছিনতাই। বাস্তবে ছিনতাইয়ের ঘটনা আরও কয়েকগুণ বেশি।
আরও পড়ুন:কিশোরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ঢাকা মহানগর পুলিশের মিডিয়ার অ্যান্ড পাবলিক রিলেশনসের উপপরিচালক মো. ফারুক হোসেন বলেন, মামলা হলে আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়, গ্রেফতার করা হয়। আমদের টহল পুলিশ বাড়ানো হয়েছে। ডিবির প্রতিটি টিম তাদের ধরার জন্য কাজ করছে।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন, চুরি ছিনতাইয়ের মতো ঘটনাকে ছোট অপরাধ বিবেচনা করায় লাগামহীন ছিনতাইকারীরা।
তিনি আরও বলেন, আমাদের আইনি প্রেক্ষাপটে ছিনতাই কিন্তু মাইনর ক্রাইম, যার কারণে এই ধরনের অপরাধের জন্য ভুক্তভোগীও সহজে আইনের দ্বারস্থ হয় না। যেমন ধরা যাক ছিনতাইকারী কারও ম্যানিব্যাগ ছিনিয়ে নিল, সে কিন্তু আইনে দ্বারস্ত হবে না, কারণ সে মনে মনে ভাবে ছোট বিপদের পর বেচে গেলাম, বড় বিপদ থেকে। কিন্তু কোনো কিছুই ছোট করে দেখার নেই।
দ্রুতই ছিনতাইয়ের স্পটগুলোকে চিহ্নিত করে, ছিনতাইয়ে পিক টাইমে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান এ বিশেষজ্ঞ।
]]>




