চোটে মার্টিনেজ, পোল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন যারা
<![CDATA[
গ্রুপ পর্বে বাঁচা-মরার শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। এ ম্যাচে মাঠে নামার আগে আলবিসেলেস্তে শিবিরে বড় দুশ্চিন্তা লাউতারো মার্টিনেজের গোড়ালির চোট। তবে সেরা একাদশ নিয়েই মাঠে নামার বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়েই কাতার পাড়ি দিয়েছিল আর্জেন্টিনা। তবে দুর্বল সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারায় আসরে তাদের টিকে থাকা নিয়েই দেখা দেয় শঙ্কা। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে সে শঙ্কা উড়িয়ে আবার লড়াইয়ে ফেরে লিওনেল মেসিরা।
কিন্তু প্রথম ম্যাচের সে হার এখনও তাদের রেখেছে দুশ্চিন্তায়। শেষ ষোলোতে যেতে তাই পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। সমীকরণ বলছে, ড্রয়েও সম্ভাবনা আছে মেসিদের যদি গ্রুপের অন্য ম্যাচের লড়াইয়ে সৌদি আরব ও মেক্সিকো গোল সমতায় মাঠ ছাড়ে।
আরও পড়ুন: জিতলে শেষ ষোলো, ড্র কিংবা হারলে আর্জেন্টিনার সমীকরণ কী
আপাতত জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। একই সময়ে ম্যাচ হওয়ায় মেসিরা থাকতে পারছেন না নির্ভার। যার কারণে দলের অন্যতম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের পায়ের গোড়ালিতে চোট থাকার পরেও তাকে শুরুর একাদশে রাখবেন কোচ স্ক্যালোনি। এমনটা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
গোড়ালিতে লাউতারোর চোট অবশ্য নতুন কিছু নয়। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে এ চোটকে সঙ্গী করে তিনি পাড়ি দিয়েছেন কাতার বিশ্বকাপে। সে চোট নতুন করে তাকে ভোগায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে। যার কারণে ম্যাচের ৬৩ মিনিটে তাকে তুলে হুলিয়ান আলভারেজকে নামান কোচ স্ক্যালোনি। পোলিশদের বিপক্ষে শুরুর একাদশে থাকলেও, পুরো সময় তার মাঠে থাকা নিয়ে সংশয় থেকেই যায়।
আরও পড়ুন: কেন শেষ ম্যাচে একই সময়ে মাঠে নামে গ্রুপের সব দল?
লাউতারো মার্টিনেজ ছাড়াও পোল্যান্ডের বিপক্ষে আক্রমণে নিশ্চিতভাবে অন্য দুজন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। টিওয়াইসির মতে, মধ্যমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে থাকতে পারেন গুইদো রদ্রিগেজ অথবা এনজো ফার্নান্দেজ।
অন্যদিকে পোলিশ গোলমেশিন লেভানদোভস্কিকে আটকাতে নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ ও মার্কোস অ্যাকুনাকে নিয়ে রক্ষণদুর্গ সাজাবেন স্ক্যালোনি।
টিওয়াইসির মতে,
পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ ও মার্কোস অ্যাকুনা
মিডফিল্ড: রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ/এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।
]]>




