বাংলাদেশ

ছুটিতে থেকেও জাপানে ‘শিক্ষাসফরে’ যাচ্ছেন ওয়াসা এমডি

<![CDATA[

ছয় সপ্তাহের ছুটিতে আজ শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তবে এই ছুটিতে থাকার সময়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ছয় দিনের ‘শিক্ষাসফরে’ জাপান যাবেন ওয়াসা এমডি। এ সময় তিনি দায়িত্বরত থাকবেন বলেও সরকারের আদেশে বলা হয়েছে।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের জারি করা আদেশে বলা হয়, আগামী ২ থেকে ৭ অক্টোবর অথবা সম্ভাব্য কাছাকাছি সময়ে ছয় দিনের জন্য শিক্ষাসফরে জাপান যাবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ পাঁচজন। বাকি সদস্যরা হলেন স্থানীয় সরকার সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, স্থানীয় সরকারমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহিদ হোসেন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম। শিক্ষাসফরের সময় সফরকারীরা দায়িত্বরত রয়েছেন বলে গণ্য হবে। এই সফরের খরচ বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন মহাপরিকল্পনা অনুযায়ী রাজধানীর চারপাশে পাঁচটি পয়ঃশোধনাগার করা হবে। একটি পয়ঃশোধনাগার নির্মাণে অর্থায়ন করবে এডিবি। এই জাপান সফরের অর্থায়নও করছে এডিবি। টোকিও মেট্রোপলিটনের ব্যুরো অব সুয়ারেজের আওতাধীন পয়ঃশোধনাগার কীভাবে নির্মিত হয়েছে এবং সেগুলোর কাজের প্রক্রিয়া সম্পর্কে জানতে পাঁচ সদস্যদের এ সফর।

তাকসিম এ খান ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ডানিডা) একটি অনুষ্ঠানে অংশ নিতে ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ডেনমার্কে অবস্থান করেন। এ সফরের অনুমতিও দেয় স্থানীয় সরকার বিভাগ। তাকসিম এ খানের ডেনমার্ক সফরের খরচ বহন করছে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান।

আরও পড়ুন:  রাষ্ট্রপতির চেয়েও বেতন বেশি সরকারি যে প্রতিষ্ঠানের এমডির!

এর আগে ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে তাকসিম এ খানের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতিপত্র জারি করা হয়। তাতে বলা হয়, পরিবারের সঙ্গে দেখা করতে এবং নিজের চিকিৎসা করাতে ছয় সপ্তাহের জন্য ছুটিতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

ছুটিতে থেকেও ওয়াসা এমডির শিক্ষাসফরে যাওয়ার বিষয়ে ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক গণমাধ্যমকে বলেন, এই জাপান সফরে ঢাকা ওয়াসার সংশ্লেষ থাকায় এমডি ও আরেকজন কর্মকর্তা যাচ্ছেন। সরকারি নিয়মনীতি মেনেই সবকিছু করা হয়েছে।

চলতি মাসের ৭ তারিখ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে করা আবেদনে যুক্তরাষ্ট্রে বসে অফিস করার অনুমতি চেয়েছিলেন তাকসিম এ খান। তবে অন্য কাউকে এমডির দায়িত্ব না দিয়ে যুক্তরাষ্ট্রে বসে ‘অন ডিউটি’তে থাকার আবেদন নাকচ করে দেয় ঢাকা ওয়াসা বোর্ড। তাকসিম এ খানের ছুটিতে থাকার সময় সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিনকে এমডির অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!