জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তিনি চুড়ান্ত প্রার্থী-সাংসদ নিজাম হাজারী
জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তিনি হবেন চুড়ান্ত প্রার্থী বলে জানিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসন্ন জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ন এক জরুরী সভায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ পিপি।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদ খন্দকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, অ্যাডভোকেট নূর হোসেন, সদস্য সাবেক পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও মোশারফ হোসেন ভূঞা প্রমুখ।
সভায় জানানো হয়, জেলা পরিষদ নির্বাচনে ছয় উপজেলায় ছয়জন সদস্য পদে এবং সংরক্ষিত দুইজন নারী সদস্য পদে মনোনয়ন পেতে আগ্রহীরা জেলা আওয়ামী লীগের গঠিত নির্বাচনী মনোনয়ন বোর্ড থেকে ৭ ও ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে দলীয় ফরম সংগ্রহের পর সবার মতামতের ভিত্তিতে সদস্য প্রার্থী চূড়ান্ত করা হবে।
সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




