জেলা পরিষদ নির্বাচন: রাসিক মেয়রকে সতর্ক করে চিঠি
<![CDATA[
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে কোন প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ না নেয়ার জন্য চিঠি দিয়েছেন জেলা রির্টানিং অফিসার। চিঠিতে সিটি মেয়র লিটনকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতেও অনুরোধ জানানো হয়েছে।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল বুধবার (২৮ সেপ্টেম্বর) এই চিঠি পাঠান। চিঠি গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মেয়রকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, আপনি একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যেহেতু জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি ২ (১৪) অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সিটি করপোরেশনের মেয়র অন্তর্ভুক্ত রয়েছে। সেহেতু উক্ত বিধিমালার বিধি ২২ (১) অনুসারে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’
‘এমতাবস্থায়, জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) যথাযথভাবে প্রতিপালনের জন্য আপনাকে অনুরোধ করা হলো।’
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না মন্ত্রী-এমপিরা
এই চিঠির বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিল চিঠির বিষয়টি স্বীকার করে বলেন, আমরা নির্বাচনটিকে বিতর্কমুক্ত করতে চাই। তাই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।
সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চিঠি হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে। আমি সেটা মেনে চলব। আমরাও চাই যে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক।’
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ছাড়াও চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র তিন প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। মেয়র খায়রুজ্জামান লিটন দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় অংশ নিয়েছেন।
]]>




