জয়পুরহাটে ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
<![CDATA[
জয়পুরহাট শহরের জানিয়ার বাগান মহল্লা থেকে সাজেদা ইসলাম সাজু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত গৃহবধূ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের স্ত্রী।
মৃত গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাফিজুল ইসলামের স্ত্রী সাজেদা ইসলাম সাজু ছোট মেয়ে উম্মে আরিফাকে সঙ্গে নিয়ে গত বছরের নভেম্বর মাস থেকে জয়পুরহাট শহরের ডাক্তার পারভীন আক্তারের ৫ তলা ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন। এরই মাঝে মঙ্গলবার দুপুর দেড়টায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফিরে দরজা খোলা পেয়ে আরিফা নিজ কক্ষে প্রবেশ করে। এরপর কোনো সাড়া শব্দ না পেয়ে মায়ের কক্ষে গিয়ে মুখে স্কচটেপ ও হাত বাঁধা অবস্থায় মায়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এ সময় ওই ভবনের ৬ তলায় কাজ করা রাজমিস্ত্রিরা এগিয়ে এসে স্থানীয়দের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: পদ্মায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গলায় কাপড় পেঁচিয়ে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমান ও সাবেক দুই গৃহকর্মীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিহত গৃহবধূর স্বামী হাফিজুল ইসলাম সিলেটের একটি কাগজ কলে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন এবং তার বড় মেয়ে উম্মে হাবিবা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছোট মেয়ে উম্মে আরিফা জয়পুরহাট শহরের একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
]]>




