ঝালকাঠিতে ৪ শিশুশিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
<![CDATA[
স্কুলে ছোটাছুটির অপরাধে ঝালকাঠিতে চার শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) নলছিটি উপজেলার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো: ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন, রাফিউল ইসলাম তামিম, মো. সাইফুল ও মো. তাসিম।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জানান, বুধবার স্কুল ছুটির সময় ক্লাস থেকে বের হয়ে ছোটাছুটি করে ওই চার শিক্ষার্থী। এমন সময় সহকারী শিক্ষক বায়জিদ হাওলাদারের সামনে পড়ে তারা। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক বেত দিয়ে চার শিশুশিক্ষার্থীকে বেধড়ক পেটান। এতে বাহু ও পিঠের বিভিন্ন স্থানে জখম হয় ওই শিক্ষার্থীদের। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি জানাজানির পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওই শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীদের শাসনের নামে বেধড়ক মারধর করে আসছেন বলেও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: পলিটেকনিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীদের বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষক বায়জিদ হাওলাদার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।
অপরদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলায়েত হেসেন জানান, এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>




