ঝিনাইদহে ৪ স্বর্ণের বার ও ৪ এয়ারগান উদ্ধার
<![CDATA[
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুর এলাকা থেকে ৪টি স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বায়েজিদ উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। অপরদিকে মাধবখালী এলাকার ময়নাগাড়ী মাঠ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করে স্বর্ণের বার ও এয়ারগানগুলো উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে স্বর্ণের বারসহ নারী আটক
বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, দত্তনগর হয়ে একটি ইজিবাইকে স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাবে- এমন সংবাদের ভিত্তিতে পদ্মপুকুর ডিগ্রি কলেজের কাছে অভিযান চালায় বিজিবি। সে সময় একটি ইজিবাইকে গতিরোধ করে চালক বায়েজিদ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।
এদিকে বিকাল ৩ টার দিকে মাধবখালী বিওপির ময়নাগাড়ী মাঠে অভিযান চালায় বিজিবি। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
]]>




