Tangail (টাঙ্গাইল)সড়ক দূর্ঘটনা
টাংগাইলের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৩ জন।
রোববার (১৩ জুন) সন্ধ্যা উপজেলার বইন্নাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৫) এবং গোপালপুর উপজেলার কাঠালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩২)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে বইন্নাদিঘী এলাকার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন।
আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের স্বজন এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
