টাকা দিয়ে লোক এনেও রাখতে পারেনি যুবলীগ: রিজভী
<![CDATA[
বিএনপির বিভাগীয় সমাবেশ দেখে সরকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, সরকারপ্রধান অনর্গল মিথ্যা বলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুবলীগের সমাবেশে লোক ভাড়া করে সমাবেশ সফল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। তবুও লোকজন চলে গেছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসাপরায়ণ এবং ব্যক্তির ভাষার ব্যবহারই তার সংস্কৃতির পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির কোনো আমলেই ক্রসফায়ার হয়নি দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই: বুয়েটের মেধাবী ছাত্র আবরার, কিশোর শ্রমিক বিশ্বজিৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বক্করসহ অসংখ্য শিক্ষার্থীকে হত্যা, ছাত্রনেতা নুরুজ্জামান জনি, বাপ্পী, আরিফ, মতিউর রহমান, ভোলার ছাত্রনেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, মুন্সীগঞ্জের যুবদল নেতা শাওন, নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান, ছাত্রনেতা অনিক, বেনাপোলের আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম ভুঁইয়া তানুসহ সারা দেশের জেলায় জেলায় বিএনপির অসংখ্য তরুণ নেতাকে আপনার নির্দেশে পুলিশ, র্যাব অথবা যুবলীগ-ছাত্রলীগ হত্যা করেছে। এ সম্পর্কে আপনি আপনার বক্তব্যে তো কিছু বলেননি, প্রধানমন্ত্রী?’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সাবেক এমপি এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হীরু, চৌধুরী আলম, সুমন, মুন্না, জাকির, হুমায়ুন পারভেজসহ অসংখ্য যুবক-ছাত্রকে গুম করার কি জবাব দেবেন প্রধানমন্ত্রী?’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি, ফরিদপুরে ফখরুল
তিনি বলেন, ‘আপনি জনগণের প্রধানমন্ত্রী, তরুণ-যুবকরা ভয়ংকর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। শিক্ষিত বেকাররা চাকরি না পেয়ে আত্মহত্যা করছে। যুবক-তরুণদের ধরে নিয়ে গিয়ে গুম ও হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনা রেখেছেন, তা বিশ্বের সব স্বৈরাচারের রেকর্ড ভঙ্গ করেছে। আপনার নির্দেশে বিরোধী নেতাকর্মীদের হত্যা করা হয়।’
যুবলীগের সমাবেশে লোক ভাড়া করে আনা হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘আপনারা জনসমাগমের বাহাদুরি দেখান, কিন্তু সব লোক আনেন ভাড়া করে। যুবলীগের সমাবেশে সেটা দেশবাসী দেখেছে। আপনাদের-যে দেশের মানুষ এখন আর পছন্দ করে না, চায় না সেটা ভাড়া করা লোক দেখলেই বোঝা যায়।’
তিনি বলেন, টাকা দিয়েও আপনারা সমাবেশে লোক ধরে রাখতে পারেন না। তাই তো ভয় পেয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছেন। কিন্তু এবার আর রক্ষা হবে না। সরকার পতনে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন রাজপথে নেমেছে।
বিএনপি ১৩ মিনিট দাঁড়াতে পারবে না, তাহলে সমাবেশে বাধা দিচ্ছেন কেন–প্রশ্ন রেখে রিজভী বলেন, সরকারের অপকর্ম ঢাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা করছে সরকার। স্বাধীনতার চেতনার ধারক নয়, ইয়াহিয়া খানের চেতনার ধারক আওয়ামী প্রশাসন।
]]>




