টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট
<![CDATA[
টাঙ্গাইলে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস থাকছে না। কিছু সময়ের জন্য গ্যাসের সরবরাহ থাকলেও ১০ মিনিটের রান্না করতে কয়েক ঘণ্টা সময় লাগছে। অন্যদিকে শিল্প কারখানাগুলোতেও উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দায় বিদেশ থেকে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর প্রভাব পড়েছে। দিন যতই যাচ্ছে সমস্যা ততই প্রকট হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের পর এবার এর থাবা পড়েছে জ্বালানি গ্যাসের ওপর।
গ্যাসের আমদানি না থাকায় গত কয়েক সপ্তাহ টাঙ্গাইলের প্রায় সবগুলো এলাকায় দিনের বেশিরভাগ সময়ই গ্যাস থাকছে না। কিছু সময়ের জন্য গ্যাসের সরবরাহ থাকলেও চাপ কম থাকায় নিভু নিভু করে চুলা জ্বলছে। এ দিয়ে সময়মতো রান্না করা যাচ্ছে না। ফলে অনেকেই বিকল্প হিসেবে লাকড়ি অথবা সিলিন্ডার গ্যাস ব্যাবহার করতে বাধ্য হচ্ছে। ফলে আর্থিক ক্ষতিসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তিতাস গ্যাস গ্রাহকদের।
অন্যদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও উৎপাদন ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
আরও পড়ুন: গ্যাস সংকট মোকাবিলায় ৪৬টি কূপ খননের পরিকল্পনা
টাঙ্গাইল পৌরসভার দেয়া এলাকার গৃহিণী জেসমিন আকতার জেবু জানান, দিনের বেশিরভাগ সময়ই গ্যাস থাকে না। দুপুরের দিকে কিছুটা গ্যাস পাওয়া গেলেও নিভু নিভু করে চুলা জ্বলে। এতে রান্না করতে খুবই সমস্যা হয়। মাস শেষ হলেই গ্যাসের বিল দিচ্ছি অথচ গ্যাসে রান্না করতে পারছি না। নতুন করে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে। একদিকে প্রয়োজনীয় নিত্যপণ্যে মূল্যবৃদ্ধি অন্যদিকে গ্যাসবিল দেয়ার পরও সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গিয়ে সংসারের খরচ বেড়ে গেছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
টাঙ্গাইল বিসিক শিল্প এলাকার একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক জানান, সময়মতো গ্যাস না থাকায় তাদের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, বর্তমানে টাঙ্গাইলে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ৪০ মিলিয়ন ঘটফুট। যে কারণে সংকট দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে তিনি।
টাঙ্গাইলে মোট তিতাস গ্যাসের বৈধ গ্রাহক রয়েছে ১৭ হাজার ৮১৯টি আর অবৈধ সংখ্যা প্রায় ১ হাজার ২৬০টি যা ইতোমধ্যে তিতাস কর্তৃপক্ষ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে।
]]>




