টুইটারে কর্মী ছাঁটাই, টিকটক ভিডিও ভাইরাল
<![CDATA[
সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটার কিনে নেয়ার পরপরই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকে ছাঁটাই করেন মাস্ক।
এর পরপরই ছাঁটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে টুইটারের সাড়ে সাত হাজার কর্মীর মধ্যে। তাদের আশঙ্কা আরও বাড়িয়ে তোলে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন। এতে বলা হয়, ‘টুইটারের পরিচালন ব্যয় কমাতে আগামী মাসের শুরুতেই ব্যাপকহারে কর্মী ছাঁটাই করতে যাচ্ছেন মাস্ক। পহেলা নভেম্বরের আগেই এসব ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ বিশ্বের গণমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে শুরু হয় নতুন ঝড়।
আরও পড়ুন: টুইটার কিনতে সম্পদ খোয়ালেন ইলন মাস্ক
সেই ঝড়ের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ম্যাট শেভার নামক এক ব্যক্তির টকটক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে ম্যাট শেভার বলেন, হ্যালো বন্ধুরা আমি টুইটার থেকে বরখাস্ত হয়েছি। একটা গুঞ্জন ছিল টুইটার থেকে অনেকেই ছাঁটাই পড়বে। আমি ভেবেছিলাম, এটা সত্য না। কিন্তু আজকে কোনো কারণ ছাড়াই আমাকে টুইটার থেকে ছাঁটাই করা হয়েছে। আমি আপনাদের দেখাতে চাই, আমি কিভাবে টুইটার থেকে ছাঁটাই হয়েছি। এটা সত্যিই হাস্যকর।
ম্যাট শেভার বলেন, আমি টুইটারে পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। আমি একজন প্রকৌশলী। আমাকে টুইটার থেকে বরখাস্ত করা হয়েছে। টুইটার থেকে আমাকে কোনো ফোন কলে বহিষ্কার করা হয়নি; ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে আমাকে বহিষ্কার করা হয়নি; এমনকি কোনো টেক্সট মেসেজের মাধ্যমেও আমাকে বরখাস্ত করা হয়নি; আমাকে টুইটার থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে।
শেভার তারপর একটি ইমেইলের একটি প্রিন্টআউট ধরে রাখেন, যা তাকে হান্না নামে একজন টুইটার কর্মচারীর কাছ থেকে পাঠানো হয়েছে, যিনি টুইটারে মানব সম্পদের ডিরেক্টর হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, সে (হান্না) আমাকে বলেছেন যে আমার ইমেইল অ্যাক্সেস আজ সন্ধ্যা ৬ টায় বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ইলনের একটি মিম সংযুক্ত করেন যেখানে লিখা ‘সময় হয়েছে বাসা ছেড়ে দেয়ার, আপনাকে বরখাস্ত করা হয়েছে।
পরবর্তীকালে এই বহিষ্কারের সত্যতা যাচাই করার জন্য ম্যাট শেভার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ভিডিওটি টুইটারের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মকভাবে তৈরি করেছেন।
তিনি বলেন, এটা অবিশ্বাস্য যে কিছু লোক স্পষ্ট কৌতুক ইমেইলটিকে বিশ্বাস করেছেন, অন্ধভাবে ভিডিওটি শেয়ার করেছেন এবং ঘৃণাত্মক মন্তব্য করেছেন। যদি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেন বা আমার প্রোফাইলটিও ভালোভাবে দেখতেন, তবে তারা জানতে পারতেন যে এটি একটি রসিকতা ছিল। তাই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় আমি বিস্মিত না হলেও অবাক হয়েছি যে অনেক মানুষ এটা বিশ্বাস করেছে।
আরও পড়ুন: সত্যিই কি টুইটারের কর্মী ছাঁটাইয়ে যাচ্ছেন ইলন মাস্ক?
ম্যাট শেভার হলেন একজন ক্লিভল্যান্ড, ওহিও ভিত্তিক কৌতুক অভিনেতা, যিনি ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের ওপর একটি প্যারোডি ভিডিও তৈরি করার পর টিকটকে ভাইরাল হয়েছিলেন।
সূত্র: ডেইলি ডট
]]>




