বাংলাদেশ

ডিবি পরিচয়ে ডাকাতি, গণপিটুনিতে চক্রের চার সদস্য হাসপাতালে

<![CDATA[

মাদারীপুরের রাজৈরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দিনদুপুরে ৫ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারের চালকসহ ৪ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজৈর উপজেলার সাতপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাত দলে রয়েছেন- শরিয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের জব্বার খার ছেলে আলমগীর খান (৩৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল গ্রামের নুর ইসলামের ছেলে রাসেল মাতুব্বর (৩৪), মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাবু মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর (৩০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর গ্রামের মমিন সরদারের ছেলে আয়ুবালি সরদার (৪৫)। 

গুরুতর আহত এই চার ডাকাতকে পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, বেলা ১১টার দিকে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের উত্তরা ব্যাংকের টেকেরহাট শাখা থেকে ৫ লাখ টাকা তুলে ভ্যানযোগে নারায়ণপুরে বাড়ি ফিরছিলেন গিয়াসউদ্দিন শেখ ও তার শাশুড়ি মিনারা বেগম। পরে সাতপাড় এলাকায় আসলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ভ্যানগাড়ি থামিয়ে হাতকড়া পড়িয়ে জামাইকে প্রাইভেটকারে তোলা হয়। পরে আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করেন শাশুড়ি। 

বিষয়টি বুঝতে পারলে ধাওয়া দিয়ে সাত কিলোমিটার দূরে কদমবাড়ি এলাকায় প্রাইভেটকার গতিরোধ করে এলাকাবাসী। পরে ৪ ডাকাতকে গণপিটুনি দেয়া হয়। ভাঙচুর করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার। এই ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাতকড়া, ৪টি মোবাইল সেট, প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। আর ডাকাতি হওয়া ২ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে তল্লাশির নামে হাইওয়েতে ডাকাতি

ভুক্তভোগী গিয়াসউদ্দিন শেখ বলেন, ডিবি পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে আমাকে হাতকড়া পড়িয়ে প্রাইভেটকারে তোলা হয়। সঙ্গে থাকা ৫ লাখ টাকা তারা নিয়ে নেয়। কোনো কথার বলার সুযোগ দেয়নি ডাকাতরা। এই ঘটনার দোষীদের সুষ্ঠু বিচার দাবি করছি।

উত্তরা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মো. রাশেদুল হাসান জানান, গ্রাহকদের পুলিশি পাহারায় টাকা নিয়ে যাওয়ার জন্য বলা আছে। কিন্তু যদি কেউ তার ইচ্ছে মতো টাকা নিয়ে চলে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ১০ বছর ধরে ডাকাতি, গাড়িসহ অস্ত্র উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামীমা নাসরিন জানান, ভর্তি হওয়া ৪ জনের শরীরে আঘাতের বেশ চিহ্ন রয়েছে। প্রত্যেককেই অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে। সবাইকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ডাকাত চক্রের সবাইকে ধরার চেষ্টা চলছে। এর আগেও টেকেরহাট বন্দর এলাকার ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক থেকে উত্তোলিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন গ্রাহক এমনভাবে দুর্বৃত্তদের কবলে পড়ে বড় অংকের টাকা খুইয়েছেন। সবকিছু মিলিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সবাইকে আইনের আওতায় আনা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!