ঢাবিতে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রলীগ: ফখরুল
<![CDATA[
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রলীগ। আমরা এই জঘন্য, মধ্যযুগীয় ও বর্বর হামলার নিন্দা জানাই। ছেলেরা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রদল নেতাকর্মীরা উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রদলের অভিযোগ, উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য বিকেল ৪টার পর নীলক্ষেত মোড়ে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের নেতৃত্বে হল ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী তাদের ওপর হামলা করে।
আরও পড়ুন: সারা দেশে বিএনপির গণসমাবেশ ঘোষণা
এ ঘটনায় আহতরা হলেন— ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, রাজু আহমেদ, ফারহান, আরিফ, শামিম আক্তার শুভ, নাজমুস সাকিব, মুন্সী সোহাগ এবং মুহসিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন। আহতরা ঢাকা মেডিকেল কলেজসহ আশপাশের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতের বিষয়টি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অতিথি হিসেবে মনে করি না। আমরা তাদের অভিভাবক হিসেবে আমাদের সন্তানের মতো দেখাশোনা করি। সব ছাত্রসংগঠনগুলো আমাদের কাছে সমান। ছাত্রসংগঠনগুলোর মধ্যে পড়াশোনার পাশাপাশি মূল্যবোধ গড়ে উঠুক আমরা চাই। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে সেই শিক্ষা দেই।
]]>




