তুষারপাতে বিপর্যস্ত বিভিন্ন দেশ, রাশিয়ায় রেড অ্যালার্ট জারি
<![CDATA[
ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রাশিয়ার মাগাদান অঞ্চল ও আশপাশের এলাকায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে নাকাল চীনের বেশির ভাগ অঞ্চল। রানওয়েতে বরফ জমে ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ বিমানবন্দরে এক ঘণ্টার জন্য বন্ধ ছিল বিমান ওঠানামা।
বুধবার (১১ জানুয়ারি) রাশিয়ার মাগাদানে রেকর্ড মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, অঞ্চলটিতে প্রতিবছর এ সমযয়ে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তুষারপাতের কারণে সাইবেরিয়ায় বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়াও বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে ঠান্ডা, তুষারপাত ও বৃষ্টিতে নাকাল চীনের বেশির ভাগ অঞ্চল। রোববার (৮ জানুয়ারি) শীতকালীন ঝড়ের পর থেকেই দেশটিতে হঠাৎ তাপমাত্রা কমে যায়। বুধবার দেশটির জিংজিয়ায়, গুয়াংডং ও গুয়াংজুতে ব্লু অ্যালার্ট জারি করে আবহাওয়া বিভাগ। এ ছাড়া বেশ কিছু অঞ্চলে ভারি তুষারপাতের সতর্কতাও জারি করা হয়। যেকোনো দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহ-বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি
রাশিয়া ও চীনের মতোই ভারি তুষারপাতে বিপর্যস্ত ইরান। বুধবার প্রবল তুষারপাতের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় মাশহাদ বিমানবন্দরে এক ঘণ্টার জন্য সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে দ্রুত রানওয়ে থেকে বরফ সরিয়ে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।
গেল কয়েক দিন ধরেই তেহরানসহ এর আশপাশের এলাকায় ভারি তুষারপাত অব্যাহত রয়েছে। এতে রাস্তাঘাটে বরফের স্তর জমে ব্যাহত হচ্ছে যান চলাচল।
]]>




