'দিনের ৩ ঘণ্টা মদ না খেলে মরে যাবেন না'
<![CDATA[
দিনের মাত্র ৩ ঘন্টা মদ না খেলে কেউ মরে যাবে না। তবে দেশটা কাতার বলেই মদ্যপানের নিষেধাজ্ঞা নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে বলে মনে করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতার বিশ্বকাপ নিয়ে পশ্চিমা বিশ্বের নীতিবাক্য ও দ্বিমুখী আচরণ বন্ধ করতে বলেন তিনি। দোহায় বিশ্বকাপ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, মুসলিম দেশ বলেই এসব সমালোচনা হচ্ছে।
পশ্চিমাদের চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বকাপ আয়োজন একরকম যুদ্ধের মতো ছিল কাতারের। দীর্ঘ ১ যুগ ধরে চলা পশ্চিমা বিশ্বের সমালোচনাকে ছাপিয়ে এই যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্যের দেশটি।
সবশেষ মাঠে বসে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আবারো সমালোচিত আয়োজক দেশটি। তবে এসব সমালোচনাকারীদের একহাত নিলেন ফিফা সভাপতি। পশ্চিমা বিশ্বের দ্বিমুখী আচরণ বন্ধ করতে বলেছেন তিনি।
আরও পড়ুন: ‘ভন্ডামি’ করা পশ্চিমাদের ক্ষমা চাইতে বললেন ফিফা সভাপতি
ইনফান্তিনো বলেন, ‘অনেকগুলো ফ্যানজোন থাকবে যেখান থেকে আপনি মদ কিনতে পারবেন ও খেতে পারবেন। আমি মনে করি, ৩ ঘণ্টা মদ না খেলে আপনি মরে যাবেন না। এ ধরনের নিষেধাজ্ঞা ফ্রান্স-স্পেন-পর্তুগাল বা স্পেনেও আছে। তবে এটা মুসলিম দেশ বলেই এত বেশি আলোচনা হচ্ছে।’
কাতারের সমালোচনাটা মূলত প্রবাসী শ্রমিকদের মৃত্যুসংখ্যাকে ঘিরে। তবে পরিসংখ্যান বলছে, শেষ ৮ বছরে কাজের খোঁজে ইউরোপে ঢুকতে গিয়ে মৃত্যুর সংখ্যাটা প্রায় ২৫ হাজার। তাই কাতারের মানবাধিকার নিয়ে সেসব দেশের নীতিবাক্য দেয়া মানায় না বলে মত ইনফান্তিনোর।
ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপিয়ান বা পশ্চিমাদের কাছ থেকে অনেক নীতিবাক্য শোনা যাচ্ছে। তবে একজন ইউরোপিয়ান হিসেবে বলতে চাই, শেষ ৩ হাজার বছর ধরে আমরা যা করে এসেছি, তাতে নীতিবাক্য দেয়ার আগে আমাদের আরও ৩ হাজার বছর ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের জ্ঞান দেয়াটা এক তরফা, স্রেফ ভণ্ডামি।’
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে অ্যালকোহল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ফিফা সভাপতি মনে করেন, বল মাঠে গড়ানো মাত্রই এসব সমালোচনা শেষ হয়ে যাবে। তাই সবাইকে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে বিশ্বকাপ উপভোগের আহবান জানিয়েছেন। কাতার বিশ্বকাপ ইতিহাসের সেরা আসর হবে বলেও দাবি ফিফা সভাপতির।
তিনি বলেন, ‘ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ উপভোগ করতে দিন। প্রতি ৪ বছর পরে এই আসর বসে। গোটা পৃথিবীকে এক সুতোয় আনতে কয়টা উপলক্ষ্য আছে? কয়টা? নাকি আমরা এভাবেই বিভক্ত হতে থাকবো? কেবল অন্যরকম দেখায় কিংবা অন্যভাবে চিন্তা করে বলেই কি আমরা সমালোচনা করবো?’
]]>




