দিনে গরম রাতে ঠান্ডা, রোগ বাড়ছে পঞ্চগড়ে
<![CDATA[
দেশের সর্ব উত্তরের জেলা হিমালয়কন্যাখ্যাত পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে ব্যতিক্রমী আবহাওয়া বিরাজ করছে। দিনে সূর্যের প্রখর তাপ আর রাতে হিমেল হাওয়ার সঙ্গে ঘনকুয়াশা জেলায় এক ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এমন আবহাওয়ায় সঙ্গে খাপ খেতে না পারায় শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে শিশু ও বৃদ্ধসহ দুইশ’ থেকে তিনশ’ রোগী ঠান্ডাজনিত বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। এদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাই বেশি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের বোর্ডবাজার এলাকার বাসিন্দা শেফালী, রৌশনাবাগ গ্রামের মাহাবুবা খাতুন, কামাতপাড়া মহল্লার সাফিয়া খাতুন সময় সংবাদকে জানান, হঠাৎ করে কুয়াশা ও ঠান্ডা শুরু হয়েছে। এতে তারাসহ পরিবারের শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এস এম মাহবুব উল আলম সময় সংবাদকে বলেন, ‘পঞ্চগড়ে দিনে গরম ও রাতে ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা অভিযোজন করতে না পারায় জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মোটা কাপড় ব্যবহারসহ ঠান্ডা ও বাসী খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত প্রায় এক হাজার রোগী হাসপাতালে চিকিৎসা পরামর্শ নিয়েছেন।
অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
]]>




