দুগ্ধপণ্যের মান নিশ্চিতে গঠন হবে ডেইরি উন্নয়ন বোর্ড
<![CDATA[
দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে এবং খামার ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় সচিব বলেন, গরু ও ছাগলের দুধ ব্যবস্থাপনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আইনটি নিয়ে এসেছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন মিল্কভিটা রয়েছে। সেটিও সুনির্দিষ্ট কয়েকটি জায়গায়। এ আইনটি পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য।
আরও পড়ুন: ২০২১-২২ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ
আনোয়ারুল ইসলাম জানান, ডেইরি উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান ও তার সঙ্গে সদস্যরা থাকবেন। তারা দুগ্ধজাত খাবারের মান ও গুণাগুণের বিষয়টি নিশ্চিত করবেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন পণ্যের মানের বিষয়টি নিশ্চিত করে। কিন্তু দুগ্ধজাত খাবারের মানের বিষয়টি নিশ্চিত করবে এ প্রতিষ্ঠান (ডেইরি উন্নয়ন বোর্ড)।
এটি বিএসটিআই-এর অধীন যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
আইনটি কার্যকর হলে খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য হিসেবে এর সরবরাহ নিশ্চিত করারও সুযোগ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
]]>




