নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত
<![CDATA[
হালকা শীতের মাঝে মিষ্টি রোদ। বিস্তৃত ফাঁকা ফসলের মাঠের চারদিকে প্রায় লক্ষাধিক দর্শকের পদচারণা। মাঝেই ঘোড়ার পায়ের থব থব শব্দ এবং করতালির মাঝে চলছে ঘোড়দৌড় প্রতিযোগীতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা হয়ে গেল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়।
আর এই খেলা দেখতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পেরে আনন্দিত স্থানীয়রা।
শনিবার (১৪ জানুয়ারি) পড়ন্ত বিকেলে নবাবগঞ্জ উপজেলার শালখুড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয় এই খেলা। প্রতি বছরের মত এবারও দর্শক মাতানো এই ঘোড়াদৌড় খেলার আয়োজন করে ইউনিয়ন যুবলীগ।
আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে প্রতিবছর তারা এই খেলার আয়োজন করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
খেলায় গাইবান্ধা, দিনাজপুর ও রংপুর সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে আগত ঘোড়া অংশ গ্রহণ করে। শুরুতে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
খেলায় পৃথক তিনটি গ্রুপে মোট ৩২টি ঘোড়া অংশ গ্রহণ করে। খেলা শেষে প্রথম হয়ে একটি ছাগল পুরস্কার পায় গাইবান্ধা থেকে আসা হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হাফিজুর এবং দ্বিতীয় স্থান অর্জন করে আরো একটি ছাগল পুরস্কার পায় ঘোড়াঘাট থেকে আসা ফুক্কু।
খেলা দেখতে আসা গৃহিণী নারী তাবাচ্ছুম বেগম বলেন, ‘গত বছরও খেলা দেখতে এসেছিলাম। এবছরও পরিবারের সাথে এসেছি। ঘোড়া খেলা দেখতে পেরে অনেক ভালো লাগছে।’
পঞ্চাশোর্ধ্ব আরেক বৃদ্ধ রহিম মিয়া বলেন, ‘ছোট বেলাত থেকেই ঘোড়া খেলা হামাক ভালো লাগে। আশপাশে এই খেলার খবর শুনলেই হামি ছুঁটে যাই। আগের নাকান এই খেলা এখন আর দেখা যায় না।’
আরও পড়ুন:শেরপুরে ঘোড়দৌড়ে মুগ্ধ দর্শনার্থীরা
আগামী দিনে ঐতিহ্যবাহী ঘোড়া খেলা টিকিয়ে রাখতে সব ধরণের সহযোগীতার কথা বলছেন জনপ্রতিনিধিরা।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম বলেন, ‘এটি একটি ঐতিহ্য বহণকারী খেলা। এই খেলা দেখতে নানা বয়সী মানুষের সরব উপস্থিতি থাকে।’
এদিকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘যেকোন খেলাধুলার আয়োজনে আমি সার্বিক ভাবে সহযোগীতা করার চেষ্টা করি। এই ঘোড়া এক সময় বাঙ্গালীর অন্যতম বাহন ছিল। বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্যের সাথে ঘোড়ার গভীর সম্পর্ক আছে। এই খেলা আরো জাঁকজমকপূর্ণ করতে আগামীতে আমি সব ধরণের সহযোগীতা করে যাব।
]]>




