নরসিংদীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
<![CDATA[
নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার শিবপুর ও মনোহরদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো- শিবপুরের বড়ইতলার মেসার্স কে বি এম ব্রিকস, মনোহরদীর হরিনারায়ণপুরের এ এফ টি ব্রিক ফিল্ড এবং আর এফ এস ব্রিক ফিল্ড।
পরিবেশ অধিদফতরের নরসিংদীর উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন : নরসিংদী /মসজিদের জমি দখলে বাধা দেয়ায় দোকানিকে কুপিয়ে জখম
অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে শিবপুরের একটিকে ৫ লাখ ও মনোহরদীর দুটি ইটভাটাকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুই লাখ কাঁচা ইট নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
]]>




